স্কুলশিক্ষিকা তিন মাস পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের কোহেলং ইউনিয়নের ক্যামলংপাড়া থেকে অপহৃত স্কুলশিক্ষিকাকে তিন মাস পর গতকাল শনিবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের চব্বিশ দোনা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
ওই স্কুলশিক্ষিকা গত ১৯ মার্চ অপহৃত হন। তবে পুলিশ অপহরণকারী চক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, গত ১৯ মার্চ বান্দরবান উন্নয়ন বোর্ডের অর্থায়নে পরিচালিত একটি বিদ্যালয়ের উপজাতি এক শিক্ষিকা অপহৃত হন। এ ঘটনায় ওই শিক্ষিকার মা বাদী হয়ে মামলা করেন।
কাইছার হামিদ আরও বলেন, গোপন সংবাদে খবর পেয়ে চকরিয়ার কোনাখালী এলাকায় অপহরণকারী চক্রের এক সদস্যের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মামলার বাদী অপহৃত শিক্ষিকার মা বলেন, ‘মিজান নামের এক ছেলে স্কুলে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে কয়েকবার প্রেমের প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে অপহরণের শিকার হয়।’