স্কুলশিক্ষিকা শারমীনকে খুনের কথা স্বীকার করলেন আবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্কুলশিক্ষিকা শারমীন জাহানকে খুনের কথা স্বীকার করেছেন যুবলীগের নেতা আবুল হোসেন। গতকাল শুক্রবার বরিশাল জেলা পুলিশ সুপারের (এসপি) উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি এই খুনের কথা স্বীকার করেন। আগৈলঝাড়া থানা সূত্রে জানা যায়, শারমীনকে খুনের ঘটনায় গ্রেপ্তার আবুলকে গতকাল আগৈলঝাড়া থানায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় আবুল খুন করার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদের সময় এসপি দেবদাস ভট্টাচার্য উপস্থিত ছিলেন। গতকালই আবুলকে জেলহাজতে পাঠানো হয়। থানাহাজতে আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি জঘন্য অপরাধ করেছি। এটি করা আমার ঠিক হয়নি। যত দ্রুত সম্ভব আমার বিচার করুন, আমাকে ফাঁসি দিন। আমি বাঁচতে চাই না।’ আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী জানান, জবানবন্দি দেওয়ার জন্য আবুলকে রোববার আদালতে হাজির করা হবে। এদিকে শারমীন হত্যার প্রতিবাদে আগৈলঝাড়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাত দিনের আন্দোলন কর্মসূচি চলছে। গতকাল সকালে আগৈলঝাড়া সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা আবুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।