স্কুলশিক্ষিকাকে অপহরণে ব্যর্থ হয়ে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্কুলশিক্ষিকাকে অপহরণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা মারধর করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ওই স্কুলশিক্ষিকা উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর শামছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় উপজেলার ইনাতনগর মসজিদের সামনে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষিকা জানান, ‘গতকাল সকাল সাড়ে নয়টায় বাবার বাড়ি লুদরপুর গ্রাম থেকে সৈয়দপুর শামছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে ইনাতনগর মসজিদের সামনে রিকশাযোগে পৌঁছামাত্র আমার পূর্বপরিচিত চিলাউড়া গ্রামের আলমগীর হোসেন আলমাছের নেতৃত্বে তিন-চারজন যুবক পথ আটকে আমাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে, এ সময় আমি চিৎকার দিলে দুর্বৃত্তরা আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে তারা আমাকে রামদা দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’ তিনি বলেন, ‘আলমগীর হোসেন আলমাছ আমার কাছ থেকে বিমা করার কথা বলে কিছু টাকা নেন। পরে বিমার কাগজপত্র না দেওয়ায় তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে হয়তো আমাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে।’ অভিযুক্ত আলমগীর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ রকম কোনো অভিযোগ এখনো পাইনি।