স্কুলশিক্ষিকার নিখোঁজ হওয়া নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইংরেজি মাধ্যম স্কুলের এক শিক্ষিকার নিখোঁজের ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ২ জুলাই সন্ধ্যা সাতটার দিকে ছাত্রের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। এ ঘটনায় শিক্ষিকার বাবা কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কলাবাগান থানা-পুলিশ জানায়, ৩১ বছর বয়সী ফেরদৌসী ইকরাম ম্যাপল লিফ স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত। কয়েক বছর আগে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন তিনি। তাঁর বাবা একরামউল্লাহ একই স্কুলের খণ্ডকালীন শিক্ষক। এখন পর্যন্ত ফেরদৌসীর নিখোঁজ হওয়ার মতো কোনো কারণ পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। অবিবাহিত ফেরদৌসী বন্ধুদের সঙ্গে তেমন মিশতেন না, তাঁর ঘনিষ্ঠ কোনো বন্ধুর তথ্যও পাওয়া যায়নি। পরিবারে ঝগড়াঝাঁটিও হয়নি। বাসা থেকে বের হওয়ার সময় তিনি মুঠোফোনটিও নিয়ে বের হননি। তবুও পুলিশ ওই ফোনের কল তালিকা সংগ্রহ করে খতিয়ে দেখছে।

শিক্ষিকার নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিপর্যস্ত অবস্থায় রয়েছে পরিবারটি। মুঠোফোনে যোগাযোগ করা হলে শিক্ষিকার বাবা একরামউল্লাহ প্রথম আলোকে বলেন, তিনি ব্যস্ত রয়েছেন। ফেরদৌসী নিখোঁজের বিষয়ে জিডির বাইরে তাঁর সে রকম কিছু বলার নেই। তবুও বিস্তারিত জানতে হলে তিনি সন্ধ্যায় ফোন করতে বলেন। এরপর সন্ধ্যায় তাঁকে আর পাওয়া যায়নি।

কলাবাগান থানায় করা ওই জিডিতে উল্লেখ করা হয়, ২ জুলাই সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়েই বাসা থেকে বের হয়ে যান ফেরদৌসী। সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে ম্যাপল লিফ স্কুলের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ফেরদৌসী এমনিতে খুব সাধারণ। ধার্মিক ছিলেন। এর বাইরে উল্লেখ করার মতো কোনো কিছু তাঁর কখনো চোখে পড়েনি।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, কলাবাগান থানায় একটি জিডি করেছেন তাঁর বাবা একরামউল্লাহ। তিনি নিজেই নিজেকে লুকানোর চেষ্টা, প্রেমঘটিত কারণ অথবা আর্থিক বা পারিবারিক কারণেও তিনি নিখোঁজ হতে পারেন। পুলিশ সবকিছু তদন্ত করছে।

জঙ্গিবাদে যুক্ত হতে তিনি বাসা ছেড়েছেন—এমন সন্দেহের কোনো কারণ মিলেছে কি না, জানতে চাইলে উপকমিশনার বলেন, সব ঘটনাই যে একরকম হবে তা নয়। একেকটা ঘটনা একেক রকম হতে পারে। তাঁকে উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে।