স্কুলশিশুরাই সহপাঠীর বাল্যবিবাহ ঠেকাল
সবে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে মেয়েটি। বয়স মাত্র চৌদ্দের কোঠায়। এখনই তার বিয়ের তোড়জোড় শুরু করেছিল পরিবার। কিন্তু বড়দের এই উদ্যোগ ভেস্তে গেছে শিশুটির সচেতন সহপাঠীদের চেষ্টায়। স্কুল থেকে মিছিল নিয়ে শিশুটির বাড়ি ঘেরাও করে এ বিয়ে ঠেকিয়ে দিয়েছে তারা।
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের এক গ্রামে গতকাল বুধবার দুপুরে এই অভিনব ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই পরিবারের অভিভাবককে এক হাজার টাকা করে জরিমানা করেন। ১৮ বছর বয়সের আগে শিশুটির বিয়ে দেওয়া হবে না—এ মর্মে মুচলেকাও আদায় করা হয়।
এলাকাবাসী জানান, ওই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে একই গ্রামের ২২ বছর বয়সী এক তরুণের বিয়ের উদ্যোগ নেয় দুই পরিবার। গতকাল বিকেলে বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য শিশুটির বাড়িতে প্যান্ডেল সাজিয়ে আপ্যায়নের ব্যবস্থাসহ অন্যান্য কাজ শুরু হয় সকাল থেকেই। খবরটি সহপাঠীদের কানে গেলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে মেয়েটির বিদ্যালয়ের প্রায় পাঁচ শ শিক্ষার্থী দুপুর ১২টার দিকে মিছিল করে শিশুটির বাড়ি যায়। তারা বাড়িটি ঘেরাও করে এবং এর সামনের সড়ক অবরোধ করে। ‘বাল্যবিবাহ দেওয়া চলবে না, চলবে না’ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের সঙ্গে যোগ দেন।
এ খবর পেয়ে কামারখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্যরা ও মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনা শুনে হাজির হন মধুখালীর ইউএনও লুৎফুন নাহারও। পরে তাঁর ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেন। ইউএনও মেয়েশিশুটির বাবা ও বরের মামাকে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে আর্থিক জরিমানা করেন। এরপর শিশুটিকে পরানো বিয়ের পোশাক পাল্টে স্কুলের পোশাক পরিয়ে বেলা দেড়টার দিকে তাকে স্কুলে নিয়ে যান তিনি।
কামারখালী ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষক ও এলাকাবাসী শিশুটির যাতে বাল্যবিবাহ না হয়, সেদিকে নজর রাখবেন বলে সিদ্ধান্ত হয়েছে। এলাকায় যাতে আর কারও বাল্যবিবাহ না হয়, সেদিকেও নজরদারি রাখব আমরা।’ ইউএনও বলেন, ‘বাল্যবিয়ে রোধে সহপাঠী ও শিক্ষকেরা এ রকম সচেতন ও উদ্যোগী হলে আমাদের পক্ষে এ ধরনের বিয়ে বন্ধ করা সহজ হবে।’