স্কুলে অগ্নিকাণ্ডে চারটি কক্ষ ভসঞ্চীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুর মুসলিম হাইস্কুলে অগ্নিকাণ্ডে প্রশাসনিক ভবনের চারটি কক্ষ পুড়ে গেছে। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে, কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে বলতে পারেনি স্কুল কর্তৃপক্ষ।
ঘটনার তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন নোয়ান্নই ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. খোকন বলেন, ভোর পাঁচটার দিকে তিনি বিদ্যালয়ের পশ্চিম পাশের পাকা ভবন থেকে পূর্ব দিকের আধাপাকা প্রশাসনিক ভবনে প্রধান শিক্ষকের কক্ষে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিক তিনি চিৎকার দিলে আশপাশের বাড়ির লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন।
কিন্তু ততক্ষণে আগুন ভবনের চারটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় লোকজন দরজা ভেঙে ভেতরে আগুন নেভানোর চেষ্টা করেন। তার আগেই সবকিছু পুড়ে যায়। পরে খবর পেয়ে ভোর ছয়টার দিকে মাইজদী থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ফা ম ইসমাইল শিবলী প্রথম আলোকে বলেন, কীভাবে আগুন লেগেছে তাঁরাও নিশ্চিত নন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে। আগুনে স্কুলের নগদ এক লাখ টাকা, প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি সব নথিপত্র, দুটি ল্যাপটপ ও আটটি ডেক্সটপ কম্পিউটার, দুটি প্রজেক্টর, গ্রন্থাগারের বইসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি মমিন উল্লা পাটোয়ারী বলেন, কম্পিউটার ল্যাবটি পুড়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হবে। এ ছাড়া স্কুলের এমন সব নথিপত্র পুড়ে গেছে, যা অপূরণীয় ক্ষতি। নবম শ্রেণীর শিক্ষার্থী রওনক জাহান বলেন, অনেক দিন কম্পিউটার ও ল্যাপটপ পড়ে থাকলেও শিক্ষক ছিল না। সম্প্রতি শিক্ষক যোগদান করায় অনেক স্বপ্ন নিয়ে আমরা কম্পিউটার বিষয়ে পড়ালেখা শুরু করি। কিন্তু আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় আমাদের মনে হয় আর কম্পিউটার বিষয়ে পড়া ও শেখা কিছুই হবে না।
দমকল বাহিনীর নোয়াখালীর মাইজদী স্টেশনের কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।