স্কুলে আসন বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আসনসংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিভাবক সংগ্রাম কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। তিনি বলেন, আসন বাড়ানোর বিষয়টি কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নইলে ২০ ডিসেম্বর এই দুই বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন প্রতিষ্ঠানগুলো অবরোধ করে রাখা হবে। তিনি আরও বলেন, রংপুরে সরকারি বিদ্যালয় মাত্র দুটি। এখানে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী দিন দিন বাড়ছে। কিন্তু আসন বাড়ানো হচ্ছে না। সমাবেশের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে আসন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
অন্য বক্তারা বলেন, আসন কম হওয়ায় অনেক ভালো শিক্ষার্থী ভর্তির সুযোগ পায় না। সরকারি দুই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে আসন ও শাখা বাড়ানো উচিত।
রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে বর্তমানে ২৪০টি করে মোট ৪৮০টি আসন রয়েছে।
অভিভাবক সংগ্রাম কমিটি এ নিয়ে চতুর্থবারের মতো কর্মসূচি পালন করল।