স্কুলে আসবাবপত্র সরবরাহে হরিলুটের সত্যতা মিলেছে
খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ ছিদ্দিক তদন্ত করে এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে প্রতিবেদন দাখিল করেছেন। গত বছরের ২৬ অক্টোবর প্রথম আলোয় ‘দীঘিনালায় নয় স্কুলে আসবাবপত্র সরবরাহে হরিলুট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে এলজিইডির প্রধান কার্যালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়। এদিকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ৩১ মার্চ এলজিইডির দীঘিনালার সাবেক উপজেলা প্রকৌশলী (বর্তমানে চট্টগ্রামের চকরিয়ার উপজেলা প্রকৌশলী) মো. শরিফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। একই তারিখে আসবাবপত্র সরবরাহের ঠিকাদারি প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।