স্কুলে আসেন না বেতন নেন
বিদ্যালয়ে যান না, নিয়মিত ক্লাসও নেন না। অথচ মাস গেলে বেতন ঠিকই তোলেন ঝিনাইদহের মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের কারিগরি শিক্ষক কামরুজ্জামান।বিগত তিন মাস বিদ্যালয়ের হাজিরা খাতায় তাঁর কোনো সই পাওয়া যায়নি। শিক্ষকদের অভিযোগ, কামরুজ্জামান ঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর-মহেশপুর) আওয়ামী লীগের দলীয় সাংসদ শফিকুল আজম খানের শ্যালক হওয়ায় এলাকায় তাঁর আলাদা প্রভাব রয়েছে। কর্মস্থলকে গুরুত্ব না দিয়ে প্রায়ই অনুপস্থিত থাকেন তিনি। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে এবং কারিগরি শাখার অন্য শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ে।এমপিওভুক্ত বিদ্যালয়টি মহেশপুর উপজেলা শহরে অবস্থিত। এখানে সাধারণ শাখায় শিক্ষক আছেন ১৭ জন এবং কারিগরি শাখায় আছেন ছয়জন।একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে কামরুজ্জামান বিদ্যালয়ে ঠিকমতো হাজির হন না। মাঝেমধ্যে এসে হাজিরা খাতায় সই করেন। গত তিন বছর তিনি কোনো ক্লাস নেননি। গত ২১ জুন তিনি সর্বশেষ হাজিরা খাতায় সই করেছেন। এতে অন্য শিক্ষকদের সই থাকলেও কামরুজ্জামানের ঘর খালি পড়ে থাকতে দেখা গেছে।কামরুজ্জামান জানান, একটানা অনুপস্থিত থাকার বিষয়টি ঠিক নয়। তা ছাড়া তাঁর বাবার শরীর খারাপ থাকায় বেশ কয়েক দিন স্কুলে যেতে পারছেন না। তবে তিনি কোনো ছুটি নেননি।শিক্ষকেরা আরও জানান, ২৭ সেপ্টেম্বর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন। তিনি প্রতিষ্ঠানের খাতাপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর হাজিরা খাতা দেখতে চাইলে তাঁকে শুধু সাধারণ শাখার শিক্ষকদের হাজিরা খাতা দেখানো হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, কিছুটা সমস্যার কারণে ওই খাতা শিক্ষা কর্মকর্তার সামনে দেওয়া সম্ভব হয়নি। এর বেশি কিছু বলতে চাননি তিনি। তবে প্রধান শিক্ষক হাজিরা খাতায় ওই শিক্ষকের সই না থাকার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তিনি (কামরুজ্জামান) মাঝেমধ্যে আসেন। নানা কাজে ব্যস্ত থাকায় ঠিকমতো আসতে পারেন না।শফিকুল আজম খান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মনে হয় অভিযোগ ঠিক নয়।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইদুর রহমান জানান, তিনি মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষক হাজিরা খাতা দেখতে চেয়েছিলেন। প্রধান শিক্ষক একটি হাজিরা খাতা সামনে দেন। তিনি সেটা পরীক্ষা করে সই করেন। কারিগরি শাখার খাতা তাঁর সামনে দেওয়া হয়নি। তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।