স্কুলে ক্লাস শুরু হয়েছে, শুধু নেই পিংকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়ের জন্মের আনন্দ নিয়ে যে হাসপাতাল থেকে বেরিয়েছিলাম, সেখান থেকে আবার সেই মেয়েরই লাশ নিয়ে ফিরতে হবে ভাবিনি। মেয়েটা যেন কী বলতে চাইছিল আমারে। বাসায় আসতে বলেছিল।’ ১৪ বছরের মেয়ে নাশফিয়া আখন্দ পিংকিকে হারিয়ে গতকাল বুধবার এভাবে স্মৃতি হাতড়ে বিলাপ করছিলেন পিংকির বাবা। গত মঙ্গলবার দুপুরে বাসার ফ্যানে ঝুলন্ত অবস্থায় পিংকিকে পাওয়া যায়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। সে শ্যামলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। পিংকির মৃত্যুর ঘটনায় বড় চাচা আলী আশরাফ আখন্দ বাদী হয়ে মুরাদকে আসামি করে শ্যামলী থানায় মামলা করেছেন। গতকাল শ্যামলীর ২ নম্বর রোডে পিংকিদের বাসায় গেলে তার বাবা নজরুল এবং চাচাতো বোন লাবণীর সঙ্গে দেখা হয়। ততক্ষণে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লার বিরামকান্দিতে দাফন করা হয়েছে। লাবণী জানান, আজ পিংকির বিদ্যালয় খুলেছে। সে এবার দ্বিতীয় হয়েছে। বাবা নজরুল বললেন, ‘নিচের সবাই দেখেছে কাল মুরাদ পিংকিকে থাপড় মেরেছে। এখন আর কেউ পুলিশের সামনে কোনো কথা বলছে না।’পিংকি একা নিচে গিয়েছিল কেন জানতে চাইলে তারা দুজন বলেন, ছোট ভাইদের সঙ্গে দুষ্টুমি করতে গিয়ে তার হাত কেটে গিয়েছিল। ব্যান্ডেজ লাগানোর জন্য সামনের ওষুধের দোকানে গিয়েছিল সে। সেখানে পথরোধ করে মুরাদ। সেখানে মুরাদের থাপড় খেয়ে বাসায় ফিরে আসে পিংকি। এরপর কী ঘটেছে, কখন মারা গেছে কেউ জানে না। পরিবারের অভিযোগ, মুরাদ আর তাঁর সহযোগীরা বাসায় এসে পিংকিকে মেরে ঝুলিয়ে রেখে যেতে পারে। তাঁরা যুক্তি দেখান, দরজা ভেতর থেকে খোলা ছিল আর বাইরে থেকে সিকিউরিটি লক করা ছিল। পিংকির মৃত্যুতে বাকরুদ্ধ তার দাদি। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। বছরের প্রথম দিন বিদ্যালয়ে নতুন পোশাকে যেতে চেয়েছিল পিংকি। নিউমার্কেটে তার জন্য জামাও বানাতে দেওয়া হয়েছে। জামা তুলতে ৫০০ টাকা লাগবে। সেই টাকা তুলতেই দাদি গিয়েছিলেন ব্যাংকে। বাসায় রেখে গিয়েছিলেন তাঁর মেয়ের ছয় ও সাত বছর বয়সী দুই বাচ্চাকে। প্রতিবেশীদের নানা কথা: গতকাল মুরাদের বাড়ি গিয়ে কাউকেই পাওয়া যায়নি। ঘটনার দিনই তাঁরা সপরিবারে বাড়ি ছেড়েছে বলে জানা গেছে। মুরাদের জীবনযাপন নিয়েও কথা বলতে চান না কেউ। পিংকির বাড়ির দুই বাড়ি পর মুরাদদের বাড়ি হলেও কেউ সে বাড়ি দেখিয়ে দিতে চান না। একটি টিনের ছাদ দেওয়া পাশাপাশি চারটি ঘরের একটিতে মুরাদদের পাঁচ সদস্য থাকতেন।পাশের বাড়ির একজন দারোয়ানকে মুরাদ প্রায়ই বলতেন, এই মেয়েকে (পিংকি) বিয়ে করতে না পারলে সে নিজেকে শেষ করে ফেলবে। পাশের দোকানে বসে সিনেমা দেখতে থাকা কয়েকজন বলেন, বড় বাড়ির মেয়েকে ড্রাইভার বিয়ে করতে চাইবে কেন? আর সে তো অনেক সময় নেশাও করত।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, ‘পিংকি আর মুরাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল বলে তাঁরা জানতেন। গত মাসে পিংকির দাদির কাছে মুরাদের মা বিয়ের প্রস্তাবও নিয়ে যায়। কিন্তু ওই পরিবারের কেউ এ বিয়েতে রাজি হননি। পিংকির পরিবারের পাশে বিভিন্ন সংগঠন: পিংকির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি করেছে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন। গতকাল জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধিরা পিংকির বাবাকে মামলায় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। বাংলাদেশ মহিলা পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানায়। কর্মজীবী নারী ও সম্মিলিত নারী সমাজ অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়।