স্কুলে গিয়ে শিশুকে মারধর
কিশোরগঞ্জের সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ে গিয়ে গতকাল শনিবার এক অভিভাবক এক ছাত্রকে মারধর করেছেন। গুরুতর আহত চতুর্থ শ্রেণীর ওই ছাত্রকে (৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ছাত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে লাইনে দাঁড়ায় ছাত্রটি। এ অবস্থায় সানজিদা খানম নামের এক অভিভাবক ছেলেটিকে ধরে টেনেহিঁচড়ে নিয়ে যান। বৃহস্পতিবার তাঁর ছেলে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রের সঙ্গে ঝগড়া করার কারণে তিনি চতুর্থ শ্রেণীর ছাত্রটিকে চড়-থাপ্পড় মারেন। এতে ছেলেটি মাঠে পড়ে গিয়ে বমি করতে থাকে। এ সময় উপস্থিত শিক্ষক ও অন্য অভিভাবকেরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।কর্তব্যরত চিকিৎসক গিয়াস উদ্দিন জানান, মাথায় আঘাতের কারণে বাচ্চাটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৭২ ঘণ্টা পর তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। এ ব্যাপারে অভিযুক্ত সানজিদা খানমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।আহত শিশুটির মা শামসুন্নাহার জানান, তিনি সকালে ছেলেকে বিদ্যালয়ে রেখে বাড়ি চলে যান। পরে ছেলের আহত হওয়ার খবর শুনে তিনি বিদ্যালয়ে যান।এ ঘটনার পর হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতা-কর্মীরা। বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি সুলতানা রাজিয়া, জেলা মানবাধিকার ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল কুদ্দুস, মানবাধিকারকর্মী নাজমুন্নাহার ও প্রতিভা শীল এ ঘটনার নিন্দা জানান। তাঁরা বলেন, প্রচলিত আইনে শিশুদের সুরক্ষায় শিক্ষকদের প্রহার করা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সে ক্ষেত্রে বিদ্যালয়ে অভিভাবকের হাতে শিশু নির্যাতনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন এবং প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। মানবাধিকারকর্মী নাজমুন্নাহার জানান, সানজিদা খানমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা মানবাধিকার ফোরামের পক্ষ থেকে আজ রোববার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অজন্তা দত্ত বলেন, প্রধান শিক্ষক আসার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।