স্কুলে গেল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় বহিষ্কৃত ছাত্রী প্রশাসনের সহায়তায় আবার স্কুলে যেতে পারছে। তবে সালিসকারীদের বিরুদ্ধে এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সূত্র জানায়, গত ৯ জুন উপজেলার চরজানাজাত ইউনিয়নের ইলিয়াছ আহম্মেদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে রাসেল গাছি নামে এক বখাটে তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ ঘটনায় গত ২২ জুন স্কুলে সালিস বসে। সালিসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, পরিচালনা পর্ষদের সভাপতি বজলুর সরকারসহ কয়েকজন উপস্থিত ছিলেন। সালিসে ওই ছাত্রীকে ৫০টি দোররা মারা হয় এবং তাকে স্কুলে আসতে নিষেধ করা হয়। এ ঘটনা নিয়ে ১ জুলাই প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হলে গত শনিবার দুপুরে মাদারীপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ছাত্রীটির বাড়িতে যান। এরপর তিনি ওই ছাত্রী, তার বাবা ও ভাইকে নিয়ে বিদ্যালয়ে যান। এ সময় পুলিশ সুপার এ ঘটনার প্রতিবাদ না করায় বিদ্যালয়ের শিক্ষকদের তিরস্কার করেন। এলাকাবাসী সোনা মিয়া, রফিক, সোবাহানসহ অনেকে বলেন, স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির সিদ্ধান্তে মেয়েটাকে এমনভাবে দোররা মারা হলো। অথচ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হলো না।ছাত্রীটি বলে, ‘আমি আবার স্কুলে আসতে পেরেছি এবং আমি পড়তে পারব—এই ভেবে খুব ভালো লাগছে। আমি দোষীদের বিচার এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা চাই।’পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘দায়িত্ববোধ থেকে আমি ছাত্রীটিকে স্কুলে দিয়ে গেলাম। বখাটেকে গ্রেপ্তার না করা পর্যন্ত পুলিশ ঘরে ফিরবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’