স্কুলে জিনের ভয় দূর করতে মিলাদ
জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাক্তার হানিফ উদ্দিন উচ্চবিদ্যালয়ে জিনের আতঙ্ক দূর করতে মিলাদ-মাহফিল হয়েছে। গতকাল সোমবার গ্রামবাসী ও শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে।
ওই মাহফিলে অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল ছালামের নির্দেশে বিদ্যালয়টিতে গিয়েছিলাম। সেখানে গ্রামবাসী ও শিক্ষার্থীসহ তিন শতাধিক লোকজন জিনের ভয়ের বিষয়টি নিয়ে বসেছিলেন। সেখানে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে। তারা আগামীকাল থেকে বিদ্যালয়ে আসবে।’
বিদ্যালয় ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি হানিফ উদ্দিন উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে নবম শ্রেণির শিক্ষার্থী রানী খাতুন বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তার দুটি পা অবশ হয়ে যায় এবং আবোলতাবোল কথা বলতে শুরু করে। ১৩ ফেব্রুয়ারি সে মারা যায়। ১২ মার্চ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া খাতুন বিদ্যালয় থেকে ফিরে অসুস্থ হয়ে পড়ে। ১৩ মার্চ নবম শ্রেণির ইসরাত জাহান বিদ্যালয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। এরপর বিদ্যালয়সহ গ্রামটিতে জিনের আতঙ্ক তৈরি হয়। এ কারণে ১৪ মার্চ থেকে অভিভাবকেরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেহেলী আক্তার বলেন, ‘বিদ্যালয়ে আসলে জিন নেই। এরপরও অভিভাবকেরা ছেলেমেয়েদের পাঠাচ্ছিলেন না। গত কয়েক দিন শিক্ষার্থীদের জিনের ভয় দূর করার চেষ্টা হয়। এ কারণে রোববার অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে ক্লাস করেছে। তারপরও গতকাল অভিভাবকদের নিয়ে মিলাদ–মাহফিলের আয়োজন করা হয়। আজ থেকে সব শিক্ষার্থী বিদ্যালয়ে আসবে বলে আশা করছি।’