স্কুলে টানতে অন্য রকম মেলা
রাজধানীর মিরপুরে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে ভিন্ন রকমের এক মেলা। মেলার স্টলে স্টলে ঝুলছে রংবেরঙের পোস্টার ও অন্যান্য শিক্ষা উপকরণ। অন্যান্য বিষয়ের পাশাপাশি শিক্ষার প্রয়োজনীয়তা ও স্কুলে যাওয়ার আনন্দের মতো বিষয় তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে।‘কেন্দ্রীয় পর্যায়ের শিক্ষামেলা ২০১০’ নামে এ মেলার লক্ষ্য শিশুদের স্কুলের প্রতি আকৃষ্ট করা ও ঝরে পড়া কমানো। গতকাল প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করেছে।মেলা উদ্বোধন করার সময় আফছারুল আমীন বলেন, সরকার শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায়। এ লক্ষ্যে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে। উপযুক্ত বয়সের সব শিশুকে বিদ্যালয়ে আনতে সরকার বদ্ধপরিকর। পাশাপাশি সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করবে।বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, সরকার ২০১১ সালের মধ্যে উপযোগী সব শিশুকে স্কুলে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য পূরণ হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সচিব বলেন, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির সময় আছে। এ সময়ের মধ্যে সারা দেশে সব শিশুকে ভর্তি করতে হবে। তিনি এ জন্য শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামলকান্তি ঘোষ বলেন, ‘আমরা শতভাগ শিশুকে স্কুলে নিয়ে আসতে ও ধরে রাখতে চাই। পাশাপাশি ঝরে পড়া আরও কমাতে চাই।’মহাপরিচালক এ জন্য শ্রেণীকক্ষে পাঠদান আরও আকর্ষণীয় করার ওপর গুরুত্ব দেন। মেলায় ঢাকা অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় আকর্ষণীয় স্টল দিয়েছে। উদ্বোধনের পর মন্ত্রী ও অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। এর আগে সকালে মেলা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।