স্কুলে ঢুকে শিক্ষিকাকে হাতুড়িপেটা
বিদ্যালয় চলাকালে বারান্দায় একজন শিক্ষিকাকে প্রহার করেছেন এক যুবক। গত সোমবার বেলা একটায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের রায়বাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। চিকিৎসা নেওয়ার পর গতকাল মঙ্গলবার শিক্ষিকা বাড়ি ফিরেছেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। কয়েকজন শিক্ষক জানান, সোমবার বেলা একটায় স্থানীয় যুবক সাইফুল আমীন (২৪) বিদ্যালয়ে ঢুকে কর্মরত শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। হাতুড়ির আঘাতে শিক্ষিকার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থান থেঁতলে যায়। পরে শিক্ষক-শিক্ষিকারা এসে তাঁকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহামেঞ্চদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এর দৃষ্টান্তমূলক বিচার না হলে শিক্ষকদের ওপর এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। এ জন্য তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী বলেন, হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।