স্কুলে না আসায় ছাত্রের মাথা ঠুকে দিলেন শিক্ষক
এক দিন বিদ্যালয়ে না আসায় চতুর্থ শ্রেণীর দুই ছাত্রের মাথা ঠুকে দিয়েছেন প্রধান শিক্ষক। এতে আহত ছাত্র লিয়ন খন্দকারকে (৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।লিয়নের বাবা লিটু খন্দকার বলেন, ‘আমার ছেলে ও তার সহপাঠী সবুজ গত রোববার বিদ্যালয়ে যায়নি। এ কারণে প্রধান শিক্ষক আনোয়ারা বেগম লিমন ও সবুজকে ধরে একজনের মাথা আরেকজনের মাথায় ঠুকে দেন। এতে লিয়ন জ্ঞান হারিয়ে ফেলে। সহপাঠীরা তাকে তালমা বাজারের চিকিৎসক মো. শহীদের কাছে নিয়ে যায়। সেখানে লিয়নের জ্ঞান ফেরার পর সে বমি করতে থাকে। ওই দিন বেলা তিনটার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’প্রধান শিক্ষক আনোয়ারা বেগমের মুঠোফোনে গতকাল মঙ্গলবার বিকেলে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইন কেটে মুঠোফোনটি বন্ধ করে দেন।এ ব্যাপারে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু নাসের চৌধুরী বলেন, ‘আপনারা যা শুনেছেন, তা ঠিক নয়। হতে পারে ছেলেটি ছোটাছুটি করতে গিয়ে মেঝেতে পড়ে আঘাত পেয়েছে।’ নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজরুল ইসলাম বলেন, ‘আমি লিখিত অভিযোগ পেয়ে তা তদন্ত করে দেখছি।’