স্কুলে নির্বাচন দেখে বিশ্ববিদ্যালয় নৈতিক চাপে পড়বে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রসংসদ নির্বাচন দিতে সাহস করতে পারে না। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইন থাকার পরও নানা প্রতিকূলতার কারণে নির্বাচন দেওয়ার সাহস তারা করে না। বিশ্ববিদ্যালয়গুলোর কাছে অনুরোধ রাখতে পারি, কিন্তু তাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না। তবে স্কুলের ছাত্রদের ‘স্টুডেন্টস ক্যাবিনেট’ নির্বাচন দেখে বিশ্ববিদ্যালয়গুলো নৈতিক চাপে পড়বে।
আজ শনিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে ‘স্টুডেন্টস ক্যাবিনেট’ নির্বাচন দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
সারা দেশে আজ একসঙ্গে এক হাজার ৪৩টি স্কুলে মাধ্যমিক শিক্ষার্থীদের ‘স্টুডেন্টস ক্যাবিনেট’ নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকে গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। এবারই প্রথম শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে শ্রেণি প্রতিনিধি নির্বাচন করবে। এখানে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে পোলিং কর্মকর্তা, পোলিং এজেন্ট সবাই শিক্ষার্থী। আজ সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে একটা পর্যন্ত।
শিক্ষামন্ত্রী বলেন, এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলজীবন থেকেই সহনশীলতা ও অন্যের মতামতের প্রতি সহনশীল হবে। বিশ্ববিদ্যালয়গুলো ভাববে বাচ্চারা যদি নির্বাচন করতে পারে, ফলাফল মেনে নিতে পারে; আমরা কেন পারব না?
শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্কুলের সভাপতি ও স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।