স্কুলে পুলিশ তদন্তকেন্দ্র, লাশ দেখে ভয় পায় শিশুরা
‘লাশ দেখলে ছাত্রছাত্রীরা ভয় পায়। আসামিদের মারপিট করতে দেখলে ছাত্রছাত্রীদের ক্লাসে মনোযোগ থাকে না। অনেকেই ক্লাস থেকে ভয়ে পালিয়ে বাড়ি চলে যায়। এক যুগ ধরে চলছে এই অবস্থা। আমাদের কোনো স্বাধীনতা নেই।’ কথাগুলো বলছিলেন, জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুন।তদন্তকেন্দ্রের কারণে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রাথমিক শিক্ষা বিভাগ জরুরিভিত্তিতে এটি স্থানান্তরের দাবি জানিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে ১৯৯৬ সালে চার কক্ষবিশিষ্ট একটি এক তলা ভবন নির্মাণ করা হয়। এই নতুন ভবন আর চার কক্ষের পুরোনো একটি টিনশেড ঘরে নিয়মিত পাঠদান চলছিল। ১৯৯৯ সালে পুলিশ বিভাগ অস্থায়ীভিত্তিতে বিদ্যালয়ের টিনশেড ঘর এবং মাঠে নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম শুরু করে। এর পর থেকেই বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠ না থাকায় প্রতিদিন শিক্ষার্থীদের শারীরিক কসরত (অ্যাসেম্বলি) করা কঠিন হয়ে পড়ে। বিদ্যালয়ের অদূরে গ্রামের রাস্তায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হয়। বিদ্যালয় চলাকালে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। বিদ্যালয়ের দুটি পায়খানার মধ্যে একটি পুলিশ সদস্যরা ব্যবহার করছেন।শিক্ষা বিভাগ ও স্থানীয় অভিভাবকেরা কেন্দ্রটি স্থানান্তরের দাবি জানালে পুলিশ বিভাগ উদ্যোগী হয়। ২০০৮ সালে স্থানীয় আবদুল জব্বার, হাসমত উল্লাহ ও আতাউর রহমান নামের তিন ব্যক্তি বিদ্যালয় থেকে প্রায় ২০০ গজ দূরে ৪০ শতাংশ জমি দান করেন। কিন্তু কেন্দ্রের জন্য জমি দরকার ৫০ শতাংশ। প্রয়োজনীয় জমির ব্যবস্থা না করেই এক কোটি পাঁচ লাখ টাকায় তদন্তকেন্দ্রের ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য গণপূর্ত বিভাগ ২০০৯ সালের ডিসেম্বরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। কিন্তু জমি কম থাকায় নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, তদন্তকেন্দ্রটি না সরানোয় খুব অসুবিধা হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা উন্নয়ন কমিটির গত মাসের সভার সিদ্ধান্ত মোতাবেক তদন্তকেন্দ্রটি সরানোর জন্য পুলিশ সুপারের কাছে অনুরোধ করা হয়েছে।পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ‘জমির পরিমাণ কম হওয়ায় কাজের নকশা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। গণপূর্ত বিভাগকে দ্রুত কাজ শুরু করতে তাগিদ দিয়েছি। কেন্দ্রের নতুন ভবন হলে স্কুলের সমস্যা থাকবে না।’গণপূর্ত বিভাগ জামালপুরের নির্বাহী প্রকৌশলী আলী রেজা মহিউদ্দিন আমিরী কবীর বলেন, পুলিশ বিভাগ যে পরিমাণ জমি বুঝিয়ে দেয়, তাতে নকশা অনুযায়ী ভবন নির্মাণ সম্ভব নয়। তাই ছয় মাস আগে ভবন ও অন্যান্য কাজের নকশা নতুন করে তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।