প্রায় দুই মাস পর নিজ কর্মস্থলে ফিরলেন নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। গতকাল রোববার সকাল নয়টায় নগরীর খানপুর এলাকার ভাড়া বাড়ি থেকে তিনি পুলিশ পাহারায় কাজে যোগ দেন।
গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদির এই স্কুলে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় সাংসদের উপস্থিতিতে শ্যামল কান্তি ভক্তকে শারীরিক নির্যাতন ও কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনায় সারা দেশে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে তোলপাড় হয়। নির্যাতনের ঘটনায় অসুস্থ হয়ে পড়া এই শিক্ষক গত দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শ্যামলকান্তি ভক্ত গতকাল সকালে স্কুলে গিয়ে দায়িত্ব বুঝে নেওয়ার সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম প্রমুখ।
ইউএনও মৌসুমী হাবিব বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
কর্মস্থলে যোগ দিতে পারায় কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শ্যামলকান্তি ভক্ত বলেন, ‘এর মধ্য দিয়ে অশুভ শক্তির পরাজয় হয়েছে, সত্যের জয় হয়েছে।’ বিদ্যালয়ের স্বার্থে তিনি আগের মতো দায়িত্ব পালন করে যাবেন। শ্যামলকান্তি ভক্ত দায়িত্ব বুঝে নেওয়ার পর বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা হাততালি দিয়ে তাঁকে বরণ করে নেয়।
শ্যামলকান্তি স্কুলে ফিরে আসায় সহকর্মী শিক্ষকেরাও খুশি। সহকারী শিক্ষক সৈয়দ মো. বোরহানুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক এই স্কুলকে তিল তিল করে গড়ে তুলেছেন। টিনশেড বিদ্যালয় ভবনকে বহুতল ভবনে রূপান্তরিত করেছেন। তিনি ফিরে আসায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।’
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, শ্যামলকান্তি ভক্ত নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলে তাঁকে নিরাপত্তা দেওয়া হবে। স্থানীয় জাপা (এ) দলীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে শ্যামলকান্তিকে কান ধরে ওঠবস করানোয় বিভিন্ন মহল থেকে তাঁর ক্ষমা চাওয়ার দাবি উঠেছিল। তবে সেলিম ওসমান সংবাদ সম্মেলন করে তা নাকচ করে দেন। সাংসদ দাবি করেন, তিনি বরং শ্যামলকান্তিকে জনরোষ থেকে রক্ষা করেছেন।
এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির কোনো অভিযোগ পায়নি। তাই তাঁকে স্বপদে পুনর্বহাল করে স্কুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। প্রধান শিক্ষককে কান ধরে ওঠবস করানোর ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। জেলা প্রশাসন রুলের জবাব ‘দায়সারাভাবে’ দেওয়ায় আদালত তা গ্রহণ করেননি। আগামী ৪ আগস্ট এই রুলের পরবর্তী শুনানির দিন।