স্কুলে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশনের পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি এবং বেতন ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বুধবার দুপুরে করপোরেশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে মোমিন রোড এলাকা থেকে আন্দরকিল্লা পর্যন্ত যান চলাচল কার্যত বন্ধ ছিল।

বেলা ১১টায় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। ফ্রন্টের এই কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশ কিছু শিক্ষার্থী এবং অভিভাবকেরাও অংশগ্রহণ করেন। সমাবেশে সাবেক ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস, ছাত্রফ্রন্টের নগর সভাপতি তাজ নাহার, সাধারণ সম্পাদক আরিফ মঈনুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে বর্ধিত ভর্তি এবং বেতন ফি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, করপোরেশনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং বেতন ফি প্রায় দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে। এতে করে অনেকের শিক্ষাজীবন ব্যাহত হবে।

সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে মেয়রকে স্মারকলিপি দেওয়ার জন্য মিছিল সহকারে আন্দরকিল্লার সিটি করপোরেশন ভবনের সামনে এসে জড়ো হয় সবাই। সেখানে করপোরেশনের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে ফ্রন্ট। প্রায় পৌনে এক ঘণ্টা স্থায়ী এই কর্মসূচির কারণে করপোরেশনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মোমিন রোডে তীব্র যানজট দেখা দেয়। পরে মেয়রকে স্মারকলিপি দিয়ে ওই স্থান ত্যাগ করেন আন্দোলনকারীরা।