সিলেটের লাক্কাতুরা চা-বাগানে নতুন সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চা-শ্রমিকের সন্তানদের ভর্তির ৪০ শতাংশ কোটার দাবি জানিয়েছে চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ। এ ব্যাপারে গতকাল সোমবার থেকে বাগানে বাগানে সাত দিনব্যাপী বৈঠক শুরু করেছে পরিষদ।
গতকাল বেলা ১১টায় সংগঠনের জরুরি কর্মিসভা থেকে ২০ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি সামনে রেখে টানা সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। পরিষদের সংগঠক অধীর বাউরীর সভাপতিত্বে কর্মিসভায় সঞ্জয় কান্ত দাশ, রানা বাউরী, স্মৃতি রানী, জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। পরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল রাতে লাক্কাতুরা চা-বাগানের মুসলিম লাইন বৈঠকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। আজ মঙ্গলবার রাতে লাক্কাতুরার মান্ডপপাড়ায়, কাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ছড়াগাঙ চা-বাগান ও খান বাগানে, পরদিন শনিবার থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত তারাপুর চা-বাগানে বৈঠক করা হবে। এ বৈঠকের পরদিন ২০ ডিসেম্বর লাক্কাতুরাসহ পাঁচটি চা-বাগানের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।
প্রসঙ্গত, ন্যাশনাল টি কোম্পানির অধীন সিলেট নগরের উত্তরে লাক্কাতুরা চা-বাগানের দুই একর জায়গা অধিগ্রহণ করে ২০১৩ সালের ২৩ নভেম্বর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে সিলেট সরকারি উচ্চবিদ্যালয় স্থাপনকাজ শুরু হয়। ২০১৭ সাল থেকে বিদ্যালয়টি চালুর কথা রয়েছে। চা-বাগান এলাকায় প্রথম সরকারি মাধ্যমিক বিদ্যাপীঠ প্রতিষ্ঠাকে অভিনন্দিত করে গত শুক্রবার লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, ছড়াগাঙ, খান চা-বাগানের চা-শ্রমিক পরিবারের সন্তানদের ভর্তিতে ৪০ ভাগ কোটার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছে চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ।