রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি গতকাল সোমবার শুরু হয়েছে। ভিকারুননিসা নূন স্কুলে তিন দিনব্যাপী লটারি হচ্ছে। গতকাল আজিমপুর ও বসুন্ধরা শাখার লটারি হয়েছে। কলেজের বেইলি রোডে এ লটারি অনুষ্ঠিত হয়। এ দুই শাখায় ভর্তির জন্য ছাত্রী নির্বাচন করা হয়েছে।কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবেই লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ধানমন্ডি শাখা ও ইংরেজি ভার্সনের লটারি অনুষ্ঠিত হবে। শেষ দিনে কাল বুধবার বেইলি রোডের প্রধান ক্যাম্পাসে ভর্তির লটারি হবে।একদল অভিভাবক হুমকি দিয়েছেন মর্মে অভিযোগ ওঠায় গতকাল প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, তিন দিনব্যাপী লটারির প্রথম দিনে গতকাল বনশ্রী শাখার বাংলা ও ইংরেজি মাধ্যমের লটারি হয়েছে। আজ মঙ্গলবার মতিঝিল শাখার বাংলা মাধ্যম ও কলোনি কোটার লটারি হবে। কাল মঙ্গলবার হবে মতিঝিল শাখার ইংরেজি মাধ্যমের লটারি।প্রতিবাদ: গত সোমবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘ভিকারুননিসা নূন স্কুল: ভর্তির জন্য চাপ, হুমকি দেওয়ার অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুর রহিম। গতকাল এক বিবৃতিতে তাঁরা বলেন, অধ্যয়ন সহোদর বোনদের ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে ফোরাম দুই বছর ধরে বিভিন্ন সময় শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নির্ধারিত সময় অনুযায়ী ১৬ ডিসেম্বর ফোরামের প্রতিনিধি ও কয়েকজন নারী অভিভাবক অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে তিনি অশোভন আচরণ করেন এবং দারোয়ান দিয়ে তাঁদের বের করে দিতে বলেন। এরপর তিনি অসত্য তথ্য দিয়ে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য প্রদান করেন।প্রতিবেদকের বক্তব্য: কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের করা জিডির ভিত্তিতে প্রতিবেদন করা হয়েছে। জিডির পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়। এ ছাড়া প্রতিবেদনে অভিযুক্ত আবদুর রহিমের বক্তব্যও দেওয়া হয়েছে।