স্কুলে যাওয়া হলো না তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার টাইলা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে সন্ধ্যারাণী রায় (৫০) নামের এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। স্কুলে যাওয়ার পথে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।সন্ধ্যারাণীর স্বামী পল্লি চিকিৎসক প্রেমতোষ রায় জানান, উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে তাঁদের বাড়ি। তাঁর স্ত্রী পাশের গ্রামে দুর্গাপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। গতকাল সকাল নয়টার দিকে তিনি স্কুলের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। এর ঘণ্টা খানেক পর খবর আসে, তাঁর স্ত্রীর লাশ গ্রামের পাশে একটি বাগানে পড়ে আছে।প্রেমতোষ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো শত্রু নাই। কারা এই কাজ করল, কিছুই বুঝতে পারছি না।’জানতে চাইলে দক্ষিণ সুনামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, সন্ধ্যারাণীর গলা তাঁর শাড়ির একটা অংশ দিয়ে পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।