স্কুলে যেতে এখন আর কষ্ট হবে না
সাঁওতাল সম্প্রদায়ের একটি পরিবারের মেয়ে সারতি টুডু। বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া পল্লিতে। পরিবারে নানা সমস্যা। তবু চালিয়ে যেতে চায় লেখাপড়া। তাই সাত কিলোমিটার পথ কখনো হেঁটে, কখনো কোনো যানে চড়ে পাড়ি দিয়ে কলেজে যায় সে। এত ধকল সামলিয়ে কলেজের পাঠে খুব একটা মন দিতে পারছিল না সারতি। তার মতো পিছিয়ে পড়া পরিবারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৯৯টি মেয়ের ভোগান্তি কমাতে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে।
স্বপ্ন সারথি কর্মসূচি নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এসব বাইসাইকেল বিতরণ করে। গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাইকেলগুলো বিতরণ করা হয়। গতকাল সকালে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর ইএসডিও প্রধান কার্যালয় চত্বরে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন বাংলাদেশ ব্যাংক রংপুর অঞ্চলের মহাব্যবস্থাপক খুরশীদ আলম ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে খুরশীদ আলম বলেন, ‘নারী শিক্ষার্থীরা বাইসাইকেল চালাবে এটা একটা সামাজিক আন্দোলন। নারী শিক্ষার্থীরা বাইসাইকেল চালিয়ে যাতায়াত করলে তাদের সময় বাঁচবে। পরিবারও আর্থিকভাবে লাভবান হবে।’
পঞ্চগড়ের বোদা উপজেলার বিলুপ্ত ছিটমহল বদেশ্বরীর ছাত্রী মনোয়ারা বেগম বলে, ‘যারা আমার স্বপ্নপূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সাদামহল গ্রামের ছাত্রী রিমা হেমরন বলে, ‘সাইকেলে কলেজে যাতায়াত করে যে সময়টুকু বেঁচে যাবে, তা পড়াশোনায় ব্যবহার করতে পারব।’
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ছাড়াও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, জেলা শিক্ষা কর্মকর্তা আজহার আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আজাদ শামসী, ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান, পঞ্চগড়ের বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সলিমুল্লাহ।
মুহম্মদ শহীদ উজ জামান বলেন, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বেশি হওয়ায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দরিদ্র পরিবারের অনেক ছাত্রীই অসময়ে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে। এ দিকটি বিবেচনা করে যেসব ছাত্রীর বিদ্যালয়ের দূরত্ব কমপক্ষে সাত থেকে আট কিলোমিটার, নিয়মিত বিদ্যালয়ে যায় ও গত বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৫০ ভাগের ওপরে নম্বর পেয়েছে এবং তারা শিক্ষাজীবন শেষ (মাধ্যমিকের ক্ষেত্রে এসএসসি ও উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে এইচএসসি) করার অঙ্গীকারনামা দেওয়ার পর সাইকেল বিতরণ করা হয়।