স্কুলে যেতে পারছে না মেয়েটি
প্রায় দেড় মাস ধরে কার্যত ঘরে বন্দী মেয়েটি। স্কুলে যেতে পারছে না। ঘরে গৃহশিক্ষক রেখে চলছে তার পড়াশোনা। কিন্তু তাকে না পড়ানোর জন্য গৃহশিক্ষককেও হুমকি দেওয়া হয়েছে। আর তা না মানায় মারধর করা হয়েছে গৃহশিক্ষককে। মেয়েটির পরিবারের অভিযোগ, এক সহপাঠীর উত্ত্যক্তের কারণে তাদের মেয়ের আজ এ পরিস্থিতি।
পরিবারের অভিযোগ, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ ওই সহপাঠীকে আটক করে। কিন্তু পরে ছেড়ে দেয়। এ কারণে আতঙ্ক এখন আরও বেড়ে গেছে।
মেয়েটির বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে। মেয়েটির বাবা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এক সহপাঠী তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। স্কুলে যাওয়া-আসার পথে গতিরোধ করে আজেবাজে কথা বলে আসছে। ওই সহপাঠীর অভিভাবকদের কাছে এ ব্যাপারে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। দেড় মাস আগে ওই সহপাঠী তাঁর মেয়েকে তুলে নেওয়ার হুমকি দেয়। এ জন্য ভয়ে তাঁর মেয়ে আর স্কুলে যেতে পারছে না। বাড়িতে গৃহশিক্ষক রেখে পড়াশোনা চালিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ওই গৃহশিক্ষককেও মারধর করা হয়।
মেয়েটির বাবা বলেন, এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার ওই সহপাঠীর বিরুদ্ধে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ সহপাঠীকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস সাংবাদিকদের বলেন, ‘স্কুলছাত্র ও বয়স কম হওয়ায় ওই সহপাঠীকে কঠোরভাবে সতর্ক করেছি। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা রেখে গতকাল রাতে ছেড়ে দিয়েছি। এরপরও যদি সে মেয়েটিকে উত্ত্যক্ত করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মেয়েটি জানায়, ‘আমার ওই সহপাঠী আমাকে পথেঘাটে উত্ত্যক্ত করে এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমি ভয়ে স্কুলে যেতে পারছি না। বাড়ির বাইরেও যাচ্ছি না। আমি পড়ালেখা করতে চাই। নিরাপদে স্কুলে যেতে চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে ওই সহপাঠীর বড় ভাই প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনা আর ঘটবে না।