স্কুলে যেতে পারল না শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটি ছিল মেধাবী। চতুর্থ শ্রেণির ছাত্র। স্কুলেও ছিল তার নিয়মিত উপস্থিতি। প্রতিদিনের মতো আজ সোমবার সকালে হেঁটে স্কুলে যাচ্ছিল সে। কিন্তু পৌঁছতে পারেনি। মাঝপথে বাসচাপায় প্রাণ গেছে তার।

শিশুটির নাম শাহাদাত হোসেন (১০)। আজ সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলায় হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় বাস চাপায় মর্মান্তিক মৃত্যু হয় তার।
শাহাদাত উপজেলার আজিজ নগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। পরিবারের সঙ্গে চকরিয়ার উত্তর হারবাংয়ের ভিলেজার পাড়ায় থাকত সে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে শাহাদাত বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। গয়ালমারা এলাকায় গিয়ে মহাসড়ক পার হচ্ছিল সে। তখন চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস শাহাদাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহাদাত মারা যায়।
শাহাদাতের মৃত্যুতে পরিবারসহ আশপাশের বাড়িতেও নেমে এসেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মোহাম্মদ হোসেনসহ স্বজনেরা। কাঁদতে কাঁদতে মোহাম্মদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রতিদিন শাহাদাত একাই বিদ্যালয়ে যায়। সে গোছালো ও মেধাবী ছিল। ক্লাসে রোল ছিল ‘৪’। তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। কিন্তু বাস আমার স্বপ্নটাই কেড়ে নিল।’
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম মজুমদার প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।