স্কুলে সিনেমা দেখাতে চায় সংসদীয় কমিটি
দেশীয় চলচ্চিত্রে দর্শক টানতে স্কুলে মাসে এক দিন শিক্ষার্থীদের সিনেমা দেখাতে চায় তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে স্কুলের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাসে এক দিন চলচ্চিত্র প্রদর্শন করার ওপর বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের বিষয়ে সম্প্রতি চলচ্চিত্র কলাকুশলী, শিল্পী, প্রযোজক ও পরিবেশকদের মাঝে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে, তা নিয়ে স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করে। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংসদ সিমিন হোসেন, সাইমুম সরওয়ার ও সালাহউদ্দিন আহমেদ অংশ নেন।