
বেলা তখন দেড়টা পেরিয়েছে। নুজহাতের ফল জানা হয়ে গেছে। জুনিয়র জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। তবু মুখে দুশ্চিন্তার ছাপ। ছোট বোন মালিহার ফল জানা যে তখনো বাকি। আধা ঘণ্টা পর বোর্ডে সাঁটা তালিকা দেখে জানা গেল, নুজহাতও জিপিএ-৫ পেয়েছে। প্রায় নাচতে নাচতে দুই বোন ছুটে গেল মাঠের দিকে। বলল, ওদের আজ ‘ডাবল’ আনন্দ।
নুজহাত, মালিহা দুজনই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড মূল শাখার শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর ওদের মতোই আনন্দে মেতেছিল পুরো স্কুল।
ভিকারুননিসা নূন স্কুলে জেএসসিতে এ বছর পরীক্ষার্থী ছিল ১ হাজার ৭৯৪ জন। সবাই পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৫৩ জন।
এই স্কুলে প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হারও শতভাগ। বেইলি রোড মূল শাখায় ৯৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৯৮ জন।
ভালো ফল উদ্যাপনে শিক্ষার্থীরা জমায়েত হয়েছিল স্কুলের মাঠে। ড্রামের দ্রিম দ্রিম শব্দের তালে তালে দলবেঁধে হুল্লোড় করছিল সবাই। সঙ্গে ছিল একসঙ্গে সেলফি তোলার ধুম।
অধ্যক্ষের অফিসঘরেও উদ্যাপন চলছিল। পঞ্চম ও অষ্টম শ্রেণির শ্রেণিশিক্ষকদের মিষ্টি খাইয়ে দিচ্ছিলেন অধ্যক্ষ সুফিয়া খাতুন। বললেন, ‘আমরা খুবই সন্তুষ্ট। ছাত্রী, শিক্ষক আর অভিভাবকদের নিরলস প্রচেষ্টায় আমরা এ ফল করতে সক্ষম হয়েছি।’
প্রাথমিক সমাপনীতে শতভাগ পাসের সাফল্যে উল্লাসে মেতে উঠেছিল মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের খুদে শিক্ষার্থীরা। সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয়ে ৩ হাজার ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮২২ জন।
স্কুলের বোর্ডে ফল দেওয়ার আগেই অনেক অভিভাবক ও শিক্ষার্থী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জেনে যান। তারপরও বিদ্যালয়ে আসার কারণ হিসেবে বললেন, ‘স্কুলে এসে রেজাল্ট জানার আনন্দই আলাদা!’
জেএসসিতে এ স্কুলের পাসের হার ৯৯ দশমিক ৯৩ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৬৯০ জন। তাদের মধ্যে ২ হাজার ৬৮৮ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৫৮ জন।
দুই পরীক্ষার ফল জানতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যাই ছিল বেশি। অভিভাবকসহ বিদ্যালয়ে এসে তারা সহপাঠীদের সঙ্গে কোলাকুলি ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। গণমাধ্যমকর্মী ও আলোকচিত্রীদের সামনে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়ে উল্লাস প্রকাশ করে।

সমাপনী পরীক্ষায় সন্তানের ফলাফলে উল্লসিত ছিলেন নূরজাহান আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘সারা বছর স্কুল আর কোচিংয়ের অনেক চাপ ছিল। সে তুলনায় বোর্ডে পরীক্ষা সহজ হয়েছে।’
জিপিএ-৫ পাওয়ার আনন্দে শিক্ষার্থী রুকাইয়া আক্তার তো বলেই ফেলে, ‘আমার পিইসি পরীক্ষা ভালো হয়েছিল। আমি চাই এ পরীক্ষা থাকুক।’
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন বলেন, ‘বছরের মাঝে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী একবার বলেছিলেন পিইসি পরীক্ষা থাকবে না। কিন্তু আমরা প্রস্তুতি বন্ধ করিনি। তারই ধারাবাহিকতায় পিইসিতে শতভাগ পাস এসেছে। আর জেএসসিতেও সবাই পাস করেছে।’
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মা শাফিনাজ সুলতানা অবশ্য বললেন, প্রাথমিক সমাপনী পরীক্ষার ক্ষেত্রে বাচ্চাদের চেয়ে মায়েদের ওপর চাপটা বেশি পড়ে। তাঁর কথায়, ‘ওরা তো অনেক সময় বোর্ড পরীক্ষার গুরুত্বই বোঝে না।’

অধ্যক্ষ শাহানা আক্তার বলেন, আইডিয়াল স্কুল থেকে এবার পিইসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৩৮৫ জন। শতভাগ পাসের সঙ্গে জিপিএ-৫-এর সংখ্যা ২ হাজার ১২৯। আর জেএসসিতে অংশ নেয় ১ হাজার ৫৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪২১ জন।
শীতের ছুটি চলতে থাকায় স্কুলগুলো দুপুরের পরপরই খালি হয়ে যায়। অভিভাবকদের কেউ সন্তানদের সঙ্গে নিয়ে ছুটছিলেন রেস্তোরাঁয়, কেউ বা মিষ্টির দোকানে। এক শিক্ষার্থীর মা নাজমুন নাহার বললেন, ‘বাচ্চা এত কষ্ট করল। ওর খুশির জন্য সেলিব্রেট তো করতেই হয়।’