স্কুলে স্কুলে নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিনেই বরিশাল বিভাগের ছয় জেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রস্তুতি শেষ। আজ রোববার মাধ্যমিক ও প্রাথমিক স্তরে ১ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৪৩৪টি বই পাচ্ছে শিক্ষার্থীরা। এরই মধ্যে বিভাগের সব জেলা-উপজেলায় বই পৌঁছে গেছে।
বরিশাল বিভাগীয় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্র জানায়, বিভাগের ছয় জেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা ১ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৪৩৪টি বই পাচ্ছে। এর মধ্যে মাধ্যমিক স্তরে ৯৮ লাখ ৫৫ হাজার ২৭৭ এবং প্রাথমিক স্তরের ৫৯ লাখ ১১ হাজার ১৫৭টি বই রয়েছে।
এ ছাড়া দাখিল ও ইবতেদায়ি পর্যায়ে ৫৭ লাখ ১৭ হাজার ২৯৭টি বই পাচ্ছে শিক্ষার্থীরা। এর মধ্যে দাখিল পর্যায়ে ৩৮ লাখ ৫৯ হাজার ১২৮ এবং ইবতেদায়ি স্তরে ১৮ লাখ ৫৮ হাজার ১৫৯টি বই রয়েছে। ইতিমধ্যে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বিদ্যালয়গুলোতে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, বিভাগের ছয় জেলায় প্রাথমিক স্তরে ১২ লাখ ৫৬ হাজার ৯৯৩ জন ভর্তি করা শিশুর জন্য মোট বইয়ের চাহিদা রয়েছে ৫৯ লাখ ১১ হাজার ১৫৭। এর মধ্যে বরিশাল জেলায় ১৬ লাখ ৩৯ হাজার ৯৬২টি, পিরোজপুরে ৬ লাখ ৬৯ হাজার ৮৪৮, ঝালকাঠিতে ৩ লাখ ৮৫ হাজার ৯৮, বরগুনায় ৬ লাখ ৭৩ হাজার ১০৫, পটুয়াখালীতে ১০ লাখ ৪৫ হাজার ৯৭৭ ও ভোলায় ১৫ লাখ ৭ হাজার ১৬৭টি বইয়ের চাহিদা রয়েছে। চাহিদার অনুকূলে গতকাল শনিবার পর্যন্ত ৫৭ লাখ ৭৫ হাজার ৪৩৯টি বই এসেছে; যার গড় হার ৯৭ শতাংশ।
বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক এস এম ফারুক জানান, প্রায় সব জেলা-উপজেলায় অধিকাংশ বই পৌঁছে গেছে, যা বাকি রয়েছে তা পথে আছে।
পাশাপাশি মাধ্যমিক স্তরে ৯৮ লাখ ৫৫ হাজার ২৭৭টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে বরিশালে ৩০ লাখ ২৬ হাজার ৮৮২টি, পিরোজপুরে ১২ লাখ ২৬ হাজার ৪২৫, পটুয়াখালীতে ১৭ লাখ ২৫ হাজার ২৩৪, ঝালকাঠিতে ৮ লাখ ৯১ হাজার ৮৪৯, বরগুনায় ১১ লাখ ৬২ হাজার ১৮৭ ও ভোলায় ১৮ লাখ ২২ হাজার ৭০০টি বইয়ের চাহিদা রয়েছে।
মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের বিদ্যালয় পরিদর্শক মো. জাহাঙ্গীর হুসাইন জানান, মাধ্যমিক স্তরে ৯৮ লাখ ৫৫ হাজার ২৭৭টি বইয়ের চাহিদা থাকলেও চাহিদার অনুকূলে বরিশালে ৮৩ লাখ ৩৯ হাজার ৮০২টি বই পৌঁছেছে। তিনি জানান, চাহিদার বাকি থাকা বই বরিশালের পথে রয়েছে। এ কারণে বই বিতরণ উৎসবে এর কোনো প্রভাব পড়বে না।
এদিকে বরিশালে দাখিল পর্যায়ে বিভাগের ছয় জেলায় বইয়ের চাহিদা রয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ১২৮টির। পাশাপাশি ইবতেদায়ি স্তরে ১৮ লাখ ৫৮ হাজার ১৫৯টি এবং এসএসসি ভোকেশনাল স্তরে ১ লাখ ৯৭ হাজার ৫৩৮ ও দাখিল ভোকেশনালে ৩ হাজার ৩৪০টি বইয়ের চাহিদা রয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান গতকাল জানান, আজ নতুন বছরের প্রথম দিনে বরিশাল বিভাগের সর্বত্র বই উৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে।