বাছাইয়ের নামে পরীক্ষা নেওয়ার অভিযোগ, সরকারি স্কুলে আবেদন অনলাইনে
স্কুলে স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু

রাজধানীর স্কুলগুলোতে শুরু হয়েছে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির নিয়ম থাকলেও কোনো কোনো স্কুলে বাছাইয়ের নামে একধরনের পরীক্ষা নেওয়ার অভিযোগ করেছেন অভিভাবকেরা।
সরকারি নীতিমালা অনুযায়ী, সরকারি-বেসরকারি সব বিদ্যালয়েই প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে এবং নবম শ্রেণিতে ভর্তি করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের ভিত্তিতে।
গতকাল মঙ্গলবার উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিশু শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক সন্তান নিয়ে অনেক অভিভাবক আঙিনায় বসে আছেন। ডাক পড়লে সন্তানকে সঙ্গে নিয়ে যাচ্ছেন বিদ্যালয় ভবনের দোতলায়। ফেরার পর কয়েকজন অভিভাবক জানালেন, লটারির আগে বাছাইয়ের জন্য একধরনের পরীক্ষা নেওয়া হয়েছে। ফিরে আসা দুই শিশু জানাল, তাদের ফুলের নাম লিখতে হয়েছে। অন্য কথা জানতে চেয়েছেন।
ফারজানা ইয়াসমিন নামের এক অভিভাবক প্রথম আলোকে বলেন, তাঁর সন্তানকে লেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে বলতে হয়েছে। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, এ বয়সী শিশুদের ভর্তির জন্য পরীক্ষা নেওয়া উচিত নয়।
এ বিষয়ে জানতে চাইলে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ উম্মে সালেমা বেগম বলেন, এটা পরীক্ষা নয়, শিশুদের বয়স ঠিক আছে কি না এবং বুদ্ধিমত্তা দেখা হয়েছে।
উদয়নে শিশু শ্রেণিতে আসন ২৪০টি। এর মধ্যে বাংলা মাধ্যমে ১৮০ ও ইংরেজি মাধ্যমে ৬০টি। এসব আসনের বিপরীতে ফরম বিক্রি হয়েছে দুই হাজার ২১৭টি। ৬ ডিসেম্বর বাছাইয়ের ফল দেওয়া হবে। বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে ৮ ডিসেম্বর ভর্তির লটারি হবে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তির লটারির সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ১৯, ২০ ও ২১ ডিসেম্বর। কয়েক দিন আগে বাছাই শেষ হয়েছে। এখানেও বাছাইয়ের সময় শিশুদের একধরনের পরীক্ষা দিতে হয়েছে বলে জানালেন কয়েকজন অভিভাবক। এখানে প্রথম শ্রেণিতে আসন এক হাজার ৬৯৪টি। এর মধ্যে এবার ইংরেজি মাধ্যমে ১৪০টি আসন বাড়ানো হয়েছে। মোট আবেদন ফরম বিক্রি হয়েছে ১২ হাজারের কিছু বেশি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম অবশ্য বলেছেন, পরীক্ষা নয়, শিশুদের নামধাম জিজ্ঞাসা করা হয়। মূলত বয়স ঠিক আছে কি না, সেটা দেখার জন্যই এটি করা হয়েছে। ৭ ডিসেম্বর বাছাইয়ের ফল জানানো হবে।
৩২ সরকারি বিদ্যালয়ে আবেদন অনলাইনে: ঢাকা মহানগরের ৩২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবার কেবল অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। গতকাল রাত ১২টা এক মিনিট থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। ফলে এবার আর সন্তানের ভর্তির আবেদন ফরম আনতে ও জমা দিতে অভিভাবককে বিদ্যালয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। অনলাইনে এ আবেদন করা যাবে ১২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। www.dshe.gsa.edu.bd ঠিকানায় আবেদন করতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন কর্মকর্তা জানান, কোনো বাছাই পরীক্ষা হবে না। আবেদনগুলো দেখে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি হবে ২৭ ডিসেম্বর। প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া যাবে এমন বিদ্যালয় ১৪টি। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে। ৩২টি বিদ্যালয়কে তিনটি গুচ্ছ করে যথাক্রমে ১৭, ১৮ ও ২০ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে। এসব বিদ্যালয়ে মোট আসন প্রায় আট হাজার।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ৬৩০ আসনের বিপরীতে ফরম বিক্রি হয়েছে ২৫ হাজার ২১টি। অর্থাৎ প্রতি আসনে প্রার্থী প্রায় ৪০ জন।