স্কুলে স্কুলে ভোট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন অনুষ্ঠানে যেসব কর্মকর্তা দরকার, তার সবই আছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে পুলিশ সদস্যরা। আসলে তারা কেউ কর্মকর্তা নয়, সবাই শিক্ষার্থী।
লম্বা লাইনে শত শত ভোটার (শিক্ষার্থী) দাঁড়িয়ে আছে সুশৃঙ্খলভাবে। সবাই নিয়ম মেনে ভোট দিচ্ছে।
এমন উৎসবমুখর পরিবেশে গতকাল বৃহস্পতিবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও গাইবান্ধায় মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র পরিষদ (স্টুডেন্ট কেবিনেট) নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি জাতীয় নির্বাচনের সব আমেজই ছিল এতে। কেবল ছিল না কোথাও কোনো হানাহানি বা ভোট বর্জনের মতো অপ্রীতিকর ঘটনা।
সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। প্রতিটি শ্রেণি থেকে একজনকে নির্বাচিত করে ভোটাররা। দশম শ্রেণির নির্বাচিত প্রার্থী পদাধিকারবলে প্রধানমন্ত্রী হবে। বাকি চার শ্রেণি থেকে নির্বাচিতরা কেবিনেট সদস্য। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রার্থীদের মধ্যে থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত আরও তিনজনকে কেবিনেট সদস্য করতে পারবে স্কুল কর্তৃপক্ষ।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জেলার ৪৫৫টি মাধ্যমিক, ৮৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় একযোগে ভোট হয়।
নগরের পিএন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকালে গিয়ে নির্বাচনের চমৎকার আয়োজন চোখে পড়ে। মোট ভোটার ছিল ১ হাজার ১১৪ জন। প্রার্থী ৭৪ জন। ভোট গ্রহণ শুরুর কথা সকাল নয়টায়। কিন্তু সকাল আটটা থেকেই ভোটারদের দীর্ঘ সারি। সবাই স্কুলের নির্ধারিত পোশাকে। তবে ভোটকেন্দ্রে নেই কোনো পোস্টার, ব্যানার, ফেস্টুন। দুপুর ১২টা না বাজতেই প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার আমিনা আস সাদিয়া।
প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে যারা অংশ নিয়েছে তাদের কাছ থেকে বড়দের অনেক কিছু শেখার আছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আমি যে সখ্য দেখেছি, তা যদি জাতীয় নির্বাচনগুলোতে দেখা যেত, তাহলে আমাদের দেশের অবস্থা আরও ভালো হতো।’
চাঁপাইনবাবগঞ্জে শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে নির্বাচনকে ঘিরে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ বলেন, নির্বাচনের প্রতিটি ধাপেই দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা। এর মাধ্যমে গণতন্ত্রের চর্চা ও নির্বাচনব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ পাবে তারা।
বেলা সাড়ে তিনটার দিকে নির্বাচিত পাঁচজনের নাম ঘোষণা করা হয়। মোট ১ হাজার ২৪৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৫২ জন ভোট দেয়।
এ জেলায় মোট ৩৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোট হয়। এর ২৪৯টি বিদ্যালয়। বাকিগুলো মাদ্রাসা। পৌর এলাকার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চবিদ্যালয় ও নবাবগঞ্জ উচ্চবিদ্যালয় ঘুরে শিক্ষার্থীদের ভোট উৎসব লক্ষ করা যায়।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বিশ্বাস বলেন, উপজেলার ১৩টি মাদ্রাসা ও ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে চারটি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলার তালগাছী আবু ইসাহাক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনারসহ সব পদের দায়িত্ব শিক্ষার্থীদের মধ্যে থেকে দেওয়া হয়। মোট ৯৮ জন এই দায়িত্ব পালন করে।
প্রার্থী দশম শ্রেণির ছাত্রী জেসিকা জামান বলে, ‘শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচিত হলে মেয়েদের জন্য নামাজের স্থান, ভালো শৌচাগারের ব্যবস্থা করব।’
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়ও গতকাল ছাত্র পরিষদ নির্বাচন হয়। উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৬টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। বিভিন্ন বিদ্যালয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।
বগুড়ার আদমদীঘি উপজেলার ৩৮টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর এইচ এ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে সৎ ও গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
নওগাঁর আত্রাইয়ে ২৮টি মাধ্যমিক ও ১৩টি দাখিল মাদ্রাসায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ভবানীপুর জিএস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান বলেন, এ নির্বাচন মাধ্যমিক স্তর থেকেই শিক্ষার্থীদের গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাবে।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী উচ্চবিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে দশম শ্রেণির ছাত্র আরিফ মিয়া। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিল দশম শ্রেণির সাথী আক্তার ও নবম শ্রেণির রবিউল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা হক্কানী বলেন, অন্যান্য নির্বাচনের সব আমেজই ছিল এখানে। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা ও নেতৃত্বের বিকাশ ঘটবে।
‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বগুলোর মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ (বিদ্যালয়, আঙিনা ও শৌচাগার পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা), স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক এবং সহপাঠ কার্যক্রম, পানিসম্পদ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বিভিন্ন দিবস ও অনুষ্ঠান উদ্যাপন এবং অভ্যর্থনা ও আপ্যায়ন।