স্কুলে হাতুড়ি ও চাকু নিয়ে এসেছিল চার ছাত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য দিনের মতো আজ শনিবার স্কুল শুরু হয়। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে সপ্তম শ্রেণির চার ছাত্রকে ক্লাসে না গিয়ে মাঠে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের একজনের হাতে একটি কালো থলে। কয়েকজন শিক্ষকের বিষয়টি নিয়ে খটকা লাগলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তাদের কাছে থাকা থলেতে তল্লাশি চালিয়ে একটি হাতুড়ি ও চাকু পাওয়া যায়।

এভাবে ঘটনার বর্ণনা দেন রাজশাহীর বাগমারার শংকরপৈ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার। তিনি বলেন, পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এই চার ছাত্রকে থানায় নিয়ে যায়। বিকেলে তাদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, ওরা সবাই শিশু। তাই অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের একজন শিক্ষক মুঠোফোনে জানান, এক মেয়ে সহপাঠীকে পছন্দ করা নিয়ে বিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর সঙ্গে ঝামেলা হওয়ায় তাকে মারধরের জন্য হাতুড়ি ও চাকু নিয়ে এসেছিল।