স্কুলের কম্পিউটার শিক্ষকের বাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের একটি বিদ্যালয়ের তিনটি কম্পিউটার রাখা হয়েছে প্রধান শিক্ষকের বাড়িতে। ওই শিক্ষক নিজেই কম্পিউটারগুলো তাঁর বাড়িতে রেখেছেন। এতে এ বিদ্যালয়ে কম্পিউটারবিষয়ক শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। খুলনার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার এ করুণ অবস্থা বিরাজ করছে। অনুসন্ধানে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ২০০৭ সালে ওই বিদ্যালয়ে তিনটি কম্পিউটার সরবরাহ করে। কয়েক মাস পরেই প্রধান শিক্ষক বৈষম কুমার দাস এগুলো তাঁর বাড়িতে নিয়ে যান। এতে শিক্ষার্থীরা ব্যবহারিক কাজের জন্য কম্পিউটারগুলো নিয়মিত ব্যবহার করতে পারেনি। ২০০৮ সালে পাঁচজন ও ২০১০ সালে একজন ছাত্রী কম্পিউটার বিষয় নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল। বর্তমানে এ বিষয়ের একজন ছাত্রীও নেই। রোববার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকদের কমন রুম-সংলগ্ন একটি কক্ষের এক পাশে গাদাগাদি করে রাখা হয়েছে কম্পিউটার টেবিল। টেবিলে কম্পিউটার নেই। অন্য পাশে একটি খাট রাখা হয়েছে। এটিই কম্পিউটার কক্ষ হিসেবে ব্যবহার করার কথা। কিন্তু এখন এটি শয়ন কক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রধান শিক্ষক বৈষম কুমার দাস বলেন, কম্পিউটারগুলো বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. মনিরুজ্জামানের কাছে রয়েছে। যেসব ছাত্রী কম্পিউটার শিক্ষা বিষয়টি নেয়, তারা মনিরুজ্জামানের বাসায় গিয়ে কম্পিউটার শিক্ষা গ্রহণ করে। রাতে আবার মুঠোফোনে প্রধান শিক্ষক বৈষম কুমার দাস বলেন, কম্পিউটারগুলো গত কয়েক বছর ধরে তাঁর বাসায় রয়েছে। বিদ্যালয়ে নিরাপত্তা না থানায় এগুলো তিনি তাঁর বাসায় রেখেছেন। শিগগিরই তিনি এগুলো বিদ্যালয়ে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, বিশেষ প্রয়োজনে শিক্ষক ও নৈশপ্রহরী ওই কক্ষে শুয়ে থাকেন। বিএনপি নেতা মনিরুজ্জামান বলেন, ‘২০০৭ সালের এপ্রিলে কম্পিউটারগুলো পাওয়ার পর নিরাপত্তার জন্য আমার ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলের অফিসে ছিল। ছয় মাস পরে আমি কম্পিউটারগুলো স্কুলের প্রধান শিক্ষকের কাছে দিয়ে দেই।’ খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’