স্কুলের ক্রীড়ানুষ্ঠানে হামলা, ভাঙচুর
মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী কলেজিয়েট স্কুলে গত শনিবার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান চলাকালে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে৷ হামলাকারীরা অনুষ্ঠানের অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সামনে অতিথিদের বসার চেয়ার এবং বিজয়ীদের মধ্যে বিতরণের জন্য রাখা পুরস্কারসামগ্রী ভাঙচুর করে৷ ফিরে যাওয়ার সময় হামলাকারীরা কাজলী বাজারে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হোসেন মোল্লার কার্যালয়ের আসবাবও ভাঙচুর করে৷
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ক্রীড়ানুষ্ঠান চলাকালে ৪০-৫০ জন লোক লাঠিসোঁটা ও রামদা নিয়ে সেখানে হামলা চালায়৷ হামলাকারীরা অতিথিদের বসার চেয়ার, টেবিল ও পুরস্কারসামগ্রী ভাঙচুর করে৷ তখন অনুষ্ঠানের মঞ্চে ইউএনও মঈনুল হাসান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা উপস্থিত ছিলেন৷ হামলার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ অনেক শিশু ভয়ে কান্না শুরু করে৷ পরে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়৷
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন পর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন৷ ওই নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচন করতে স্থানীয় কাজলী গ্রামের রোস্তম মোল্লা নামের এক ব্যক্তি মনোনয়নপত্র কেনেন৷ ওই বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচন করতে ইচ্ছুক কাজলী গ্রামের রফিকুল ইসলামের লোকজন শনিবার সকালে আমতৈল বাজার এলাকায় রোস্তম মোল্লাকে মারধর করে৷ এ সময় তারা আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ও কাজলী কলেজিয়েট স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হোসেন মোল্লকে লাঞ্ছিত করার চেষ্টা করে৷
নুরুল হোসেন অভিযোগ করেন, ‘রফিকুল ইসলামের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে৷ পরে সন্ত্রাসীরা কাজলী বাজারে আমার ব্যক্তিগত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে টেলিভিশন, টেবিলসহ অন্য আসবাব ভাঙচুর করে৷’ অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷
ইউএনও বলেন, হঠাৎ করেই ওই হামলার ঘটনা ঘটে৷ হামলাকারীরা মুহূর্তের মধ্যে সব ভেঙে চুরমার করে চলে যায়৷