নানা উদ্যোগ সত্ত্বেও জয়পুরহাটে বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না। বাল্যবিবাহের কারণে জেলার বিদ্যালয়গুলো থেকে অনেক মেয়ে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। বিদ্যালয়ের গণ্ডি না পেরোতেই অনেকে পারিবারিকভাবে বাল্যবিবাহের শিকার হচ্ছে।
জয়পুরহাট জেলা প্রশাসনের শিক্ষা শাখার তথ্য অনুযায়ী, ২০১৪ সালে জেলার পাঁচটি উপজেলার ২৬০টি বিদ্যালয়ের ও ২২টি কারিগরি (ভোকেশনাল) বিদ্যালয়ের ৬ হাজার ৮৬৬ জন ছাত্রী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং কারিগরি পরীক্ষায় অংশ নেয়। ওই বছরের পরীক্ষার্থীরাই এবার ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। কিন্তু দেখা গেছে, এবার পাঁচটি উপজেলার ২৮২টি বিদ্যালয় থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৪৯১ জন ছাত্রী। এদের মধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন ১৪ জন ছাত্রী অনুপস্থিত ছিল। অর্থাৎ ওই ব্যাচের কমপক্ষে ১ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী ঝরে পড়েছে।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, মেয়ে শিক্ষার্থী ঝরে পড়ার পেছনে মূলত দায়ী বাল্যবিবাহ। বিয়ে হওয়ার পরে ছাত্রীদের পক্ষে পড়াশোনা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ে।
জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে বেসরকারি সংস্থা ব্র্যাক। সংস্থাটি গত বছর পাঁচটি উপজেলায় ১৯টি বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসনের সহায়তায়। জেলা ব্র্যাক কর্মকর্তা আখতারুল ইসলাম বলেন, অনেক সময় অভিভাবকেরা দূরে কোনো আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে মেয়ের বিয়ে দেন। ফলে সব বিয়ে রোধ করা সম্ভব হয় না।
জেলার প্রশাসন সূত্রে জানা গেছে , ২০১৫ ও ২০১৬ সালে পাঁচটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮২টি বাল্যবিবাহ বন্ধ করা হয়। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, বহু বিয়ে প্রশাসনের অজ্ঞাতসারে হয়ে গেছে।
ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের এক দরিদ্র অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক আত্মীয়ের কথা শুনে সপ্তম শ্রেণিতে পড়া মেয়েকে বিয়ে দেন ২০১৫ সালে। মাত্র চার মাসের মাথায় মেয়ের তালাক হয়ে যায়। এখন মেয়েটি বাপের বাড়িতেই থাকে। তার পড়াশোনাও আর হয়নি। একই উপজেলার আমিরা গ্রামের জিয়াপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক মেয়ে শিক্ষার্থীর বিয়ে হয় ২০১৬ সালে। বিয়ে টিকেনি বেশি দিন। পড়াশোনাও আর হয়নি।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে বাল্যবিবাহের সংখ্যা বেশি। বাল্যবিবাহ রোধে প্রশাসন থেকে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করাও হচ্ছে।
জিয়াপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল ইসলাম বলেন, তাঁর বিদ্যালয়ের ৩২ জন ছাত্রী ২০১৪ সালে জেএসসি পরীক্ষায় পাস করে। নবম শ্রেণিতে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই চারজনের বিয়ে হয়েছে। ২৮ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।
সদর উপজেলার দুর্গাদহ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদত হোসেন বলেন, তাঁর বিদ্যালয়ে ২০১৪ সালে ৩২ জন ছাত্রী জেএসসি পরীক্ষা দেয়। এবার ২৫ জন ছাত্রী এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাকি ছয়জন ঝরে পড়েছে। এদের অধিকাংশেরই বাল্যবিবাহ হয়েছে।
জয়পুরহাট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার দোগাছী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, তাঁর বিদ্যালয়েও বাল্যবিবাহের কারণে ছাত্রী ঝরে পড়েছে। তবে বাল্যবিবাহের শিকার হয়েও দুজন ছাত্রী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
জয়পুরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দীন আল আজাদ বলেন, বাল্যবিবাহ রোধে প্রশাসন, শিক্ষক, এনজিওসহ সমাজের অনেক সচেতন মানুষ কাজ করে যাচ্ছেন। স্কুলগুলোতে সমাবেশ করে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। কুফল তুলে ধরা হচ্ছে। আগের তুলনায় দিন দিন বাল্যবিবাহের হার অনেক কমে যাচ্ছে।