‘প্রতিটি স্কুলের গভর্নিং বডির সদস্য হিসেবে মুক্তিযোদ্ধাদের নিয়োগ দেওয়ার একটি প্রস্তাব এসেছে। বিষয়টি আমাদের বিবেচনায় আছে। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।’ গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। মুক্তিযোদ্ধা সংসদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। সৈয়দ আশরাফ বলেন, বেগম জিয়াই শুধু কুখ্যাত রাজাকার গোলাম আযম, নিজামীদের প্রতিষ্ঠিত করেননি, এর শুরু করেছিলেন জিয়াউর রহমান। শুধু খালেদা জিয়া নিজামীর গাড়িতে জাতীয় পতাকা তুলে দেননি, শাহ আজিজুর রহমানের মতো চিহ্নিত রাজাকারের গাড়িতে দেশের পতাকা তুলে দিয়েছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই এ ষড়যন্ত্রের সূচনা হয়। সৈয়দ আশরাফ বলেন, জিয়াউর রহমানের সময়ের যে প্রজন্ম, এরশাদের সময়ের যে প্রজন্ম সে প্রজন্ম নষ্ট প্রজন্ম। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই সামরিক স্বৈরশাসকেরা জাতিকে বিভক্ত করেছে। এক ভাগ মুক্তিযুদ্ধের পক্ষে ও আরেক ভাগ বিপক্ষে। এ থেকে বেরিয়ে আসতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে, যেন তারা নষ্ট না হয়ে যায়। আর সে দায়িত্ব আপনাদের, মুক্তিযোদ্ধাদের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম তথা শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধের পক্ষে থাকে, সে লক্ষ্যে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধাদেরই এ দায়িত্ব পালন করতে হবে। এ জন্য মুক্তিযোদ্ধাদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শোনাতে হবে, তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। সমাবেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, বর্তমানে দেড় লাখ মুক্তিযোদ্ধা দুই হাজার টাকা করে সম্মানীভাতা পাচ্ছেন। শিগগিরই তালিকাভুক্ত এক লাখ ৮৬ হাজার মুক্তিযোদ্ধাকে তিন হাজার করে ভাতা দেওয়া হবে। এখন সাত হাজার মুক্তিযোদ্ধা রেশন-সুবিধা পান। ভবিষ্যতে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে রেশন-সুবিধার আওতায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে। তাজুল ইসলাম বলেন, ‘দেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধার বাসস্থানের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য দুই রুমের হলেও একটি করে পাকা ঘর নির্মাণ করার চিন্তা আছে। সে লক্ষ্যে আমরা কাজ করছি। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে মুক্তিযোদ্ধাদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।’ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বলেন, রাজনৈতিক দলের সঙ্গে মিশে গিয়ে যুদ্ধাপরাধীরা এখন যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে। এই ষড়যন্ত্র এমনভাবে প্রতিহত করতে হবে যেন বাংলার মাটিতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে। সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য আলাউদ্দিন, ঢাকা জেলা কমান্ডার আমির হোসেন মোল্লা প্রমুখ বক্তব্য দেন। কর্মসূচি ঘোষণা: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে আছে: ১৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে স্মারকলিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি পেশ, ১৮ ফেব্রুয়ারি সিলেটের মৌলভীবাজারে, ২৩ ফেব্রুয়ারি খুলনায়, ২৪ ফেব্রুয়ারি বরিশালে, ২৭ ফেব্রুয়ারি রাজশাহী, ২৮ ফেব্রুয়ারি রংপুর, ২ মার্চ চট্টগ্রামের ফেনী, ৫ মার্চ চট্টগ্রামে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ এবং ৭ মার্চ ঢাকায় মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ। বিশ্বকাপ ক্রিকেটের কারণে মহাসমাবেশ কিছুটা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংসদের নেতারা।