স্কুলের গাছ বিক্রি করলেন আওয়ামী লীগের নেতা!
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি মেহগনি গাছ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মলয় কুমার বোস বিক্রি করে দিয়েছেন। তবে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার গতকাল শনিবার গাছগুলো কাটা বন্ধ করে দিয়েছেন।বিদ্যালয়ের সূত্র জানায়, গত বৃহস্পতি ও শুক্রবার বিদ্যালয় বন্ধ ছিল। এই সুযোগে বিদ্যালয়ের পশ্চিম দিকের শ্রেণীকক্ষ লাগোয়া ১০-১২ বছরের পুরোনো ওই গাছগুলো কেটে ফেলার প্রস্তুতি হিসেবে ডালপালা ছেঁটে ফেলা হয়। প্রধান শিক্ষক পারভীন আখতার বলেন, ‘গাছগুলো কাটার ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বা অন্য কেউ আমাকে জানাননি। আজ (শনিবার) বিদ্যালয়ে এসে গাছগুলোর ডালপালা কাটা অবস্থায় দেখতে পাই। বিষয়টি সভাপতিকে জানালে তিনি আমাকে বলেন, তাঁর জমিতে থাকা ওই গাছগুলো তিনি বিক্রি করে দিয়েছেন।’ চতুল গ্রামের কাঠব্যবসায়ী কাসেম মোল্লা বলেন, তিনি ১৭ হাজার টাকায় ওই চারটি মেহগনি গাছ মলয় কুমার বোসের কাছ থেকে কিনে তা কাটার উদ্যোগ নেন। পরে উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার পুলিশ নিয়ে এসে গাছ কাটা বন্ধ করে দেন।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মলয় কুমার বোস বলেন, ‘বিদ্যালয়ের অধিকাংশ সম্পত্তি আমাদের পরিবারের পক্ষ থেকে দান করা। আর বিদ্যালয়ের পশ্চিম সীমানার গাছগুলো আমাদের। বোস বাড়ির একটি মন্দির সংস্কারের কাজ করার জন্য আমরা ওই চারটি গাছ বিক্রি করে দিয়েছি।’ উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার গোলাম মোর্শেদ খান বলেন, ‘সহকারী কমিশনারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছি।’