নোয়াখালী শহরের মাইজদী হাউজিং এলাকার একটি কেজি স্কুলের ছাত্রাবাসে ছাত্রলীগ পরিচয়ে একদল যুবক হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারী যুবকেরা ছাত্রাবাসে থাকা শিশুশিক্ষার্থীদের আসবাবপত্র, বই-খাতা ও লেপ-তোশক বাইরে এনে অগ্নিসংযোগ করেন।তবে, ছাত্রলীগের কেউ ওই হামলার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজেদ ওরফে ইমন। গতকাল বুধবার তিনি প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা এমন ন্যক্কারজনক কাজ করতে পারে না। হয়তো অন্য কেউ ঘটনা ঘটাতে গিয়ে ছাত্রলীগের পরিচয় দিয়েছে।’প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে ২০-২৫ জন যুবক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে লাইসিয়াম কেজি স্কুলের ছাত্রাবাসে হানা দেন। যুবকেরা নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে দরজা-জানালা ভাঙার চেষ্টা করেন। এ সময় শিক্ষকেরা দরজা খুলে দিলে তাঁরা শিবিরের কর্মী খোঁজার নামে ছাত্রাবাসে তল্লাশি শুরু করেন। এতে আবাসিক শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।স্কুল থেকে জানা যায়, একপর্যায়ে যুবকেরা ছাত্রাবাসের আসবাবপত্র, বিছানা, লেপ-তোশক ও বইপত্র বাইরে এনে আগুন ধরিয় দেন। এ সময় হামলাকারীরা শিক্ষকদের কাছ থেকে চারটি মুঠোফোন, ৩০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করেন। যাওয়ার সময় তাঁরা বিদ্যালয়ের আবাসিক শিক্ষক দিদার হোসেনকে শিবিরের কর্মী আখ্যায়িত করে মারধর করে ছাত্রাবাস থেকে নিয়ে যান। পরে তাঁকে সুধারাম থানায় সোপর্দ করেন তাঁরা।স্কুলের প্রধান শিক্ষক ইখলাসুল হক বলেন, ‘তাঁদের প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পর্ক নেই। ছাত্রলীগ নামধারী যুবকেরা শিবিরের কর্মী সন্দেহে যাঁকে ধরে নিয়ে গেছেন, তিনিও কোনো দল করেন না। সম্পূর্ণ অন্যায়ভাবে সন্ত্রাসীরা স্কুলের হোস্টেলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।’প্রধান শিক্ষকের অভিযোগ, ঘটনার সময় এবং হামলাকারীরা চলে যাওয়ার পর তাঁরা ঘটনা সম্পর্কে সুধারাম থানায় জানালেও পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি; বরং সন্ত্রাসীদের মারধরের শিকার শিক্ষক দিদারকে থানার হাজতে আটকে রেখেছে। জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক বলেন, ‘লাইসিয়াম স্কুলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ফোনে জেনেছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। আর যে ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে, তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, অজ্ঞাতনামা কিছু যুবক শিক্ষক দিদারকে থানায় দিয়ে গেছেন।