স্কুলের ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে আহত শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী ইউনিয়নে স্কুলের ছাদ থেকে লাফিয়ে পাশের ভবনের ছাদে যাওয়ার চেষ্টা করার সময় নিচে পড়ে হৃদয় সিকদার (১৩) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া উচ্চবিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত হৃদয় ওই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে ঊনসত্তর পাড়া গ্রামের ছন্দন সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে হৃদয় স্কুলের একতলার ছাদে ওঠে। এই ছাদ থেকে সে পাশাপাশি একটি ভবনের ছাদে যাওয়ার জন্য লাফ দেয়। এ সময় সে ওই ছাদে পৌঁছাতে না পারায় নিচে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, হৃদয় কী কারণে লাফ দিয়ে এক ভবন থেকে অন্য ভবনের ছাদে যেতে চেয়েছিল, তা জানা যায়নি। তবে তার অবস্থা গুরুতর। মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।