স্কুলের ছাদের পলেস্তারা খসে ৫ শিক্ষার্থী আহত পরীক্ষা স্থগিত
পরীক্ষা চলাকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার উত্তর তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে গতকাল বুধবার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনার পর গতকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো চতুর্থ শ্রেণির আশরাফুল ইসলাম (১০), সাজ্জাদ হোসেন (১১), রুবি আক্তার (১০), আঁখি আক্তার (১০) ও নুরুন্নাহার আক্তার (১০)।
এদের মধ্যে আশরাফুলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় সূত্র জানায়, গতকাল বেলা একটা থেকে প্রথম সাময়িকের গণিত পরীক্ষা চলছিল। বেলা আড়াইটার দিকে পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়লে ওই শিক্ষার্থীরা আহতহয়।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯৯৪ সালে দুই কক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণ করা হয়।
পরবর্তী সময়ে ২০০২ সালে ওই ভবনের আরও দুই কক্ষ নির্মাণ করা হয়। পুরোনো দুটি কক্ষে ফাটল দেখা দেওয়ার পরও ঝুঁকির মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সলিল বলেন, দুর্ঘটনার পর পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। স্থানীয় উত্তর তরা জনতা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে অবশিষ্ট পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
প্রধান শিক্ষক অভিযোগ করেন, ঝুঁকির বিষয়টি একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রকৌশলীকে অবহিত করা হলেও উদ্যোগ নেওয়া হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার গোস্বামী বলেন, ঘটনার পর বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।