অষ্টম শ্রেণীর এক ছাত্র ‘আপনি’ বলে সম্বোধন না করায় মাস খানেক আগে ধাওয়া দেয় নবম শ্রেণীর আরেক ছাত্র ও তার বন্ধুরা। এর জের ধরে কনিষ্ঠ ওই ছাত্র ও তার বন্ধুরা নবম শ্রেণীর ওই ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যশোর শহরের আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমির মাঠে গত শনিবার বিকেল সোয়া চারটার দিকে ওই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওরফে আকাশ (১৫) ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। তার বাবা শেখ সুলতান মাহমুদ বান্দরবান পুলিশ লাইনের হাবিলদার। তারা থাকত শহরের শংকরপুর মহিলা মাদ্রাসাসংলগ্ন এলাকায়। হত্যাকাণ্ডের ঘটনায় জাহিদুলের মা বিউটি বেগম পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। এর মধ্যে মামলার দুই আসামি অষ্টম শ্রেণীর ওই ছাত্র ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।বিদ্যালয় সূত্র জানায়, শনিবার আবদুস সামাদ মোমোরিয়াল একাডেমির নবম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বিকেল সোয়া চারটার দিকে পরীক্ষার কক্ষ থেকে বের হয় জাহিদুল। মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, বিদ্যালয়ের মাঠে আসার সঙ্গে সঙ্গে ওত পেতে থাকা চার আসামি হঠাৎ জাহিদুলকে জাপটে ধরে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্র জাহিদুলের বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরি চালায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহিদুলের চিৎকার শুনে এগিয়ে আসেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে জাহিদুলের মৃত্যু হয়। গতকাল সকালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দ্বিতীয় সাময়িক ও দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষা চলছে। জাহিদুলের মৃত্যুর খবরে বিদ্যালয়ে শোক প্রস্তাব এনে গতকালের সব পরীক্ষা স্থগিত করা হয়।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘আপনি’ বলে সম্বোধন না করায় মাস খানেক আগে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে ধাওয়া দেয় জাহিদুল ও তার বন্ধুরা। এ ঘটনায় কনিষ্ঠ ওই ছাত্রের মধ্যে ক্ষোভ জমে। ওই ছাত্র ও তার বন্ধুরা মিলে শনিবার জাহিদুলকে ছুরিকাঘাত করে। জাহিদুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সন্তু বিশ্বাস বলেন, গ্রেপ্তারের পর গতকাল দুজনকে বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার কথা স্বীকার করেছে।