স্কুলের জন্য নির্ধারিত ভবনে বিশ্ববিদ্যালয়!
বরিশালে নতুন দুটি সরকারি স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য আপাতত বরিশাল জিলা স্কুলের বর্ধিত তিনটি ভবন নির্ধারণ করেছে প্রশাসন। কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ভবনগুলো ছেড়ে দিতে বারবার অনুরোধ করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। এতে স্কুল দুটির শিক্ষা কার্যক্রম শুরু করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে প্রশাসনও।
শিক্ষা বিভাগ বরিশাল কার্যালয় সূত্র জানায়, নগরের রূপাতলী হাউজিং এলাকা এবং কাউনিয়া বিসিক শিল্প এলাকায় দুটি সরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ওই দুই স্কুলের জন্য ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। ভর্তি কার্যক্রমও শেষ করেছে দুই স্কুল কর্তৃপক্ষ। তবে নিজস্ব ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত বরিশাল জিলা স্কুলের বর্ধিত ভবনগুলোতেই স্কুল দুটির শিক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সম্প্রতি এ বিষয়ে নির্দেশনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় জিলা স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি পাঠায়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ২০১০ সাল থেকেই ভবনগুলোতে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ইংরেজি, পদার্থ, বাংলা এবং ভূতত্ত্ববিদ্যা বিভাগের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনটি ভবনের মধ্যে দুটি তিন তলা ও একটি দুই তলা বিশিষ্ট।
জানতে চাইলে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য ওই ভবনগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়। বর্তমানে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চললেও জিলা স্কুলের ভবনগুলো ছাড়ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভবন ছাড়ার জন্য দুটি চিঠিতে অনুরোধ করা হলেও তাদের কাছ থেকে কোনো উত্তর মেলেনি। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে নতুন দুই স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের লেখাপড়া।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম ইমামুল হক প্রথম আলোকে বলেন, ‘জিলা স্কুল কর্তৃপক্ষ কোনো ধরনের আলোচনা ছাড়াই ভবন ছেড়ে দেওয়ার জন্য চিঠি দেন। হুট করেই ভবন ছেড়ে দিতে বলায় আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি।’
উপাচার্য আরও বলেন, মূল ক্যাম্পাসের দুটি একাডেমিক ভবনের মধ্যে একটিতে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। বাকি ভবনটি এখনো নির্মাণাধীন। এ অবস্থায় ওই ভবনগুলো ছেড়ে দিলে চারটি বিভাগের শিক্ষার্থীরা কোথায় ক্লাস করবেন?
বরিশালের জেলা প্রশাসক এবং সরকারি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গাজী সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিলা স্কুলের ভবন ছেড়ে দেওয়ার নির্দেশনা মানছে না। এতে আমরাও বিব্রতকর অবস্থায় পড়েছি।’