স্কুলের জমি দখল এবং একজন প্রধান শিক্ষকের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান হোসেন (৪১) গত সোমবার মারা গেছেন। বিদ্যালয়ের জায়গা দখল ও পুকুরের মাছ লুটের ঘটনায় থানা মামলা না নেওয়ায় গত রোববার তিনি লক্ষ্মীপুর আদালতে মামলা করতে গিয়েছিলেন। রোববার দিবাগত রাতে লক্ষ্মীপুর শহরের আবাসিক একটি হোটেলে ওঠেন তিনি। সোমবার সকালে বুকের ব্যথায় আক্রান্ত হলে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও মৃতের পরিবারের লোকজন দাবি করছেন, কয়েক দিন ধরে দখলদারেরা এমরান হোসেনকে হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন।প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক ও অভিভাবকেরা উপজেলা সদরে মৌন মিছিল বের করেন। তাঁরা বিদ্যালয়ের জমি দখলদারদের উচ্ছেদ, প্রধান শিক্ষকের মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবি করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। লক্ষ্মীপুর শহরের আধুনিক হাসপাতালের পরিচালক ফয়েজ আহমদ বলেন, ওই রোগীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তখন যারা তাঁকে নিয়ে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি হূদরোগে আক্রান্ত হয়েছিলেন। জানা গেছে, এমরান হোসেন গত বছর অক্টোবর মাসে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁর যোগদানের পর থেকে জমিদাতার ওয়ারিশদারেরা বিদ্যালয় আঙিনার কিছু জমি দখলের চেষ্টা করে। ৮ এপ্রিল গভীর রাতে নুরুল আমিনের নেতৃত্বে বিদ্যালয় আঙিনায় একটি টিনের ঘর তোলে জমি দখল এবং পুকুরের মাছ লুট করে নেওয়া হয়।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন অভিযোগ করেন, জমি দখলের ঘটনায় থানা মামলা নেয়নি। পরে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক রোববার আদালতে মামলা করতে যান। এ কারণে দখলদারেরা প্রধান শিক্ষককে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। অভিযুক্ত নুরুল আমিন দাবি করেন, তাঁর চাচা মৃত দেলোয়ার হোসেন যে পরিমাণ জমি বিদ্যালয়কে দান করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ তার চেয়ে বেশি জমি ভোগদখল করে আসছিল। বিভিন্ন সময় ওই জমি ফেরত দেওয়ার দাবি করলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। বিদ্যালয়ের জমি দখল ও পুকুরের মাছ লুটের কথা অস্বীকার করে তিনি বলেন, পৈতৃক জমিতেই তাঁরা ঘর তুলেছেন। জমির বিরোধ নিয়ে হুমকি দেওয়ার কথা অস্বীকার করে তিনি প্রধান শিক্ষক এমরান হোসেনকে তাঁদের নিকটাত্মীয় বলে দাবি করেন।মামলা না নেওয়ার প্রসঙ্গে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক খান বলেন, ওই জমির বিরোধ নিয়ে আদালতে মামলা থাকার কারণে অভিযোগ পাওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তবে অভিযোগ তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।