স্কুলের জমির ওপর দিয়ে রাস্তা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমির ওপর দিয়ে পাকা রাস্তা নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে বিদ্যালয়টি প্রায় ১৬ শতক জমি হারাবে। অথচ এই জমি অধিগ্রহণই করা হয়নি।
বিদ্যালয়ের ভবন ঘেঁষে নির্মাণাধীন এই রাস্তা চালু হলে নানা ধরনের যানবাহন চলাচল করবে। শিক্ষক ও অভিভাবকেরা আশঙ্কা করছেন, এতে শিশু-শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হবে এবং যানবাহনের শব্দে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৫১ সালে ভাতশালা গ্রামে ৫০ শতক জমির ওপর গড়ে ওঠে ভাতশালা প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৭৩ সালে সরকারি করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিদ্যালয়ের জমিতে উত্তর-দক্ষিণে মাটির ছয় ফুট প্রস্থের একটি রাস্তা ছিল। পরবর্তী সময়ে এই রাস্তার ওপর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইট বিছানো হয়। এই রাস্তাটি এখন পাকা করছে এলজিইডি। নতুন এই রাস্তার প্রস্থ হবে ১০ ফুট। আর দুই পাশে তিন ফুট করে ছয় ফুট সোল্ডার মিলিয়ে রাস্তাটির মোট প্রস্থ হবে ১৬ ফুট; দৈর্ঘ্য হবে এক কিলোমিটার। এর মধ্যে দৈর্ঘ্যে ৩৮০ ফুট রাস্তা বিদ্যালয়ের জমির ওপর দিয়ে যাবে। এতে বিদ্যালয়ের ১৪ শতক জমি রাস্তায় চলে যাবে। এ ছাড়া রাস্তার পূর্ব পাশে আরও প্রায় দুই শতক জমি ছেড়ে দিয়ে রাস্তা করা হচ্ছে। সব মিলিয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা থাকবে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী বলেন, জমি অধিগ্রহণ না করে কিংবা কোনো ধরনের অনুমতি না নিয়েই বিদ্যালয়ের জমির ওপর দিয়ে এলজিইডি রাস্তা নির্মাণ শুরু করেছে। তিনি বিভিন্ন দপ্তরে আবেদন করার পরও নির্মাণকাজ ধীরে ধীরে চলছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আবদুল হাই বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি রাস্তা নির্মাণ করা হয়। তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের প্রায় ৩৫০-৪০০ ফুট পূর্ব দিকে একটি কাঁচা রাস্তা আছে। পশ্চিম দিকে প্রায় ৫০০ ফুট দূরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ওপর দিয়ে রাস্তা গেছে। এ দুটি রাস্তা পাকা না করে বিদ্যালয়ের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ মাহমুদ বলেন, নতুন রাস্তা করার জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন হয়। কিন্তু স্থানীয় লোকজন জানিয়েছেন, এটি পুরাতন রাস্তা। দরপত্রের আগে ওই স্থান মাপ-জরিপ হয়েছে। তখন বিদ্যালয় কর্তৃপক্ষ আপত্তি জানায়নি। গত বছরের ২৩ মে রাস্তা নির্মাণের কার্যাদেশ দেওয়ার কয়েক মাস পরে মৌখিকভাবে আপত্তি জানানোয় তিনি কাজ বন্ধ রেখেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, প্রধান শিক্ষক ও তিনি বিদ্যালয়ের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণে আপত্তি করায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বিষয়টি ভালোভাবে নেননি। বরং তাঁদের শত্রু ভাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তহমিনা খাতুন বলেন, তিনি এখানে ছয় মাস আগে যোগদান করেছেন। এর অনেক আগেই রাস্তার দরপত্র হয়েছে, কাজ শুরু হয়েছে। এরপরও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বলা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান বলেন, ‘একটি রাস্তার প্রকল্প নিয়ে আসা যারপরনাই কঠিন। এর চেয়ে একটি স্কুল বানানো সহজ। বিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছি, বিদ্যুতের খুঁটি সরিয়ে নেব। নিরাপত্তার জন্য পাঁচিল দিয়ে দেওয়া হবে। তবে রাস্তা হবে ওই স্থান দিয়েই।’