স্কুলের জানালা আটকে কাউন্সিলরের কার্যালয়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের জানালা আটকে ব্যক্তিগত কার্যালয় নির্মাণ করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা আলী হোসেন ওরফে আলা। সম্প্রতি এ কার্যালয় আরও সম্প্রসারণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের বিতর্কিত সাংসদ শামীম ওসমান গত শনিবার সম্প্রসারিত কার্যালয়টি উদ্বোধন করেন। ওই দিন তাঁর আগমন উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের আধা ঘণ্টার বেশি সময় ধরে প্রচণ্ড রোদে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। কোমলমতি শিক্ষার্থীদের এভাবে দাঁড় করিয়ে রাখা নিয়ে সংবাদপত্রে খবরও প্রকাশিত হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। গত বছর ৯৫ নম্বর আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে তিনি ওই ব্যক্তিগত কার্যালয়টি নির্মাণ করেন। স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা ৯৫০। কার্যালয়টির কারণে স্কুলটির একটি শ্রেণীকক্ষের দুটি জানালা বন্ধ হয়ে গেছে। গত ৫ জানুয়ারির একতরফা সংসদ নির্বাচনে শামীম ওসমান কোনো ভোট ছাড়াই সংসদ নির্বাচিত হন। এরপরই কাউন্সিলর আলী হোসেন তাঁর ওই কার্যালয়ের পরিধি আরও ২২ ফুট বর্ধিত করেন। এর ফলে স্কুলের আরও একটি শ্রেণীকক্ষের দুটি জানালা বন্ধ হয়ে গেছে।
এভাবে দুটি শ্রেণীকক্ষের চারটি জানালা বন্ধ হয়ে যাওয়ায় কক্ষগুলোতে আলো-বাতাস পাওয়া যাচ্ছে না। দিনের বেলাতেও বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ছোট ছোট শিক্ষার্থীদের পড়াশোনা করতে হচ্ছে। সম্প্রসারিত কার্যালয়টি শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
স্থানীয়রা জানান, কাউন্সিলর আলী হোসেন একসময় বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন। সে সময় আদমজী জুটি মিলকেন্দ্রিক সন্ত্রাসের রাজনীতিতে মিলের প্রয়াত সিবিএর সভাপতি রেহানউদ্দিন রেহানের অনুগত ক্যাডার ছিলেন এই কাউন্সিলর। তিনি কদমতলীর মধ্য ও উত্তরপাড়া নিয়ন্ত্রণ করতেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি দমে যান। ২০০৭ সালে ১/১১-এর পটপরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার আমলে জেলার শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ছিল তাঁর নাম। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় এক ডজন মামলা থাকলেও সব কয়টি মামলায় জামিনে আছেন তিনি। পলাতক শামীম ওসমান ২০০৯ সালে দেশে ফিরে আসার পর আলী হোসেন তাঁর ছত্রছায়ায় শুরু করেন এলাকায় চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও আদমজী ইপিজেডে বিভিন্ন ব্যবসায় প্রাধান্য বিস্তারের কাজ।
তবে ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সরকারি খাসজমিতে সরকারি অনুমতি নিয়ে আগেই আমার অফিস বানানো হয়েছিল। সম্প্রতি অফিসটি ২২ ফুট সম্প্রসারণ করা হয়েছে। স্কুলের শ্রেণীকক্ষে যাতে আলো-বাতাস ঢুকতে পারে, সে জন্য আমার অফিস ও স্কুলের মাঝখানে যথেষ্ট পরিমাণ জায়গা রাখা হয়েছে।’
স্কুলটির প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার বলেন, ‘স্কুলের সামনে একটি স্থাপনা নির্মিত হওয়ার কারণে শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো-বাতাস থাকে না। ফলে শ্রেণীকক্ষ দুটি সব সময়ই অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। এতে ছোট ছোট শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।’
এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘সিটি করপোরেশন কোনো কাউন্সিলরকে কোনো অফিস বানিয়ে দেয়নি। কাউন্সিলরদের আপাতত একজন ব্যক্তিগত সহকারী রাখার জন্য ছয় হাজার টাকা দেওয়া হচ্ছে। জাইকার অর্থায়নে প্রতিটি ওয়ার্ডে সিটি করপোরেশনের জমিতে কাউন্সিলরদের কার্যালয় নির্মাণ করা হবে। সিটি করপোরেশন ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের জন্য কোনো অফিস বানায়নি। এটি কাউন্সিলর আলী হোসেনের ব্যক্তিগত কার্যালয়। কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সিটি করপোরেশন নেবে না।’