
ভবনের ভেতরে ঢুকতেই মূল দরজায় দেখা মিলল এক হকারের। দরজার সামনে তাঁর কলার ঝুড়িটি রাখা। আর ভবনের বারান্দায় একটি বাইসাইকেলে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। পাশে আরেক হকার সবজি বিক্রি করছেন। ভবনের দোতলায় একটি সাইনবোর্ড, তাতে লেখা ‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও।’
সাইনবোর্ড দেখে জানা গেল, এটি একটি বিদ্যালয়। কিন্তু ভেতরে ঢুকে যে অবস্থা দেখা গেল, তা রীতিমতো ভীতিকর। বাচ্চারা তো আসতে চায়ই না, অভিভাবকেরাও তাঁদের সন্তানদের এই স্কুলে নিতে আগ্রহী নন।
আড়াই ফুটের মতো সরু পথ দিয়ে স্কুলে যেতে হয়। নিচতলা ও তিনতলা পুরোটাই পরিত্যক্ত। দোতলার তিনটি কক্ষে কোনোরকমে চলছে ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম।
রাজধানীর ওয়ারী এলাকার পার্শ্ববর্তী বনগ্রাম রোডে ২২ নম্বর হোল্ডিংয়ের জরাজীর্ণ তিনতলা ভবনটি সামনের দিক থেকে দেখলে মনে হবে এটি কোনো পরিত্যক্ত ভবন। ভবনের দ্বিতীয় তলায় উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখা গেল প্রচলিত মাজারের মতো একটি স্থাপনা। সামনে টাঙানো সাইনবোর্ড ‘ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত ১৯৫০ সাল।’
১৯৫০ সালে প্রতিষ্ঠিত স্কুলটি জাতীয়করণ হয় ১৯৭৩ সালে। ১৯৮০ সালে হঠাৎ স্কুলটি দখলদারের কবলে চলে যায়। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক শাহনাজ পারভীন জানান, তিনি শুনেছেন সেবার রমজানের ছুটিতে কে বা কারা স্কুলের তালা ভেঙে দখল করে নেয় প্রতিষ্ঠানটির একটি অংশ।
কাছাকাছি ১৬ বনগ্রাম রোডের স্থায়ী বাসিন্দা সালেহীন নাজমি স্মৃতি হাতড়ে বলেন, তিনতলা ভবনটি গুদাম, বাসা ও দোকান হিসেবে ব্যবহৃত হয়েছে দীর্ঘ ৩২ বছর। আর পেছনে খেলার জায়গায় ঘরবাড়ি তুলে তা দখল করা হয়। তিনি দাবি করেন, ‘স্কুলের জায়গা দখলকারীরা যখন সরকার ও এলাকাবাসীর চাপে কোণঠাসা হয়ে পড়ে, তখনই তারা এই মাজার বানিয়েছে। ১৯৯৯ সালে রাতারাতি মাজার গড়ে তোলা হয়। আসলে জায়গা দখল পাকাপোক্ত করার উদ্দেশ্যেই এই মাজার করা হয়েছে।’
সরকার ২০১২ সালে স্কুলটির একাংশ পুনরুদ্ধার করে। কিন্তু দখলদারদের হুমকির কারণে এখনো শিক্ষার্থীরা তেমন যায় না। স্কুলে বর্তমানে তিনজন শিক্ষক থাকলেও শিক্ষার্থী মাত্র ৫১ জন। তাদেরও বেশির ভাগই নিয়মিত স্কুলে যায় না।
গতকাল সরেজমিনে দেখা যায়, স্কুলের ৮ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশে জরাজীর্ণ ভবন, যা উদ্ধার করা হয়েছে। কিন্তু মাজার করে আরও ৪ শতাংশ জায়গা দখল করে রাখা হয়েছে, যা উদ্ধার করা যায়নি। তিনতলা ভবনে ১৭টি কক্ষের মধ্যে সামান্য সংস্কার করে তিনটি কক্ষ ব্যবহার উপযোগী করা হয়েছে। পুরো ভবনের দেয়ালের পলেস্তারাই খসে পড়ছে। অনেক স্থানেই বেরিয়ে গেছে রড। দরজা-জানালা তেমন না থাকায় পুরো ভবনই অন্ধকার। মেঝেও স্যাঁতসেঁতে। স্কুলের পেছনের অংশে মাজার প্রাঙ্গণে বসবাস করছে একটি পরিবার।
স্কুলের শিক্ষার্থী কান্তা আক্তার বলল, ‘অন্ধকারে ভয় লাগে। বৃষ্টির সময় পানিও পড়ে।’ ইতি আক্তার নামের অন্য এক শিক্ষার্থী বলল, ‘ভয়ে স্কুলে আসতে ইচ্ছা করে না। মাঝেমধ্যে স্কুলে আসি। আম্মা বলছে,

এই স্কুলে যাওয়া লাগবে না, কয়েক দিন পর অন্য স্কুলে ভর্তি করে দেব।’
শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলল, ‘একটু খেলার জায়গাও নেই। বারান্দায় খেলতে গেলে আশপাশের মানুষজন বকা দেয়।’
স্কুলের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীন বলেন, ‘দখলকারীরা আমাকে কয়েকবার লাঞ্ছিত করেছে। আমার গায়ে ময়লা-আবর্জনা ফেলার মতো ঘটনাও ঘটেছে। এমনকি দূর থেকে পানি ছুড়ে মারে। আমার নামে মামলাও করেছে। অনেক সময় স্কুলে এসে দেখি ময়লা-আবর্জনায় ভরা। আমি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের এই স্কুলে তাদের বাচ্চাদের দেওয়ার জন্য বলছি। কিন্তু একে তো জরাজীর্ণ ভবন, তার ওপর দখলদারদের ভয়ে কেউ স্কুলে বাচ্চা দিতে চায় না।’ তিনি বলেন,‘আমি চাইলে চেষ্টা-তদবির করে অন্য জায়গায় বদলি হয়ে যেতে পারব। কিন্তু মায়া লাগে, সরকারি একটি প্রতিষ্ঠান এভাবে হারিয়ে যাবে!’
তবে দখল এবং অন্য অভিযোগগুলো অস্বীকার করেন ওই বাড়ির দাবিদার নুরুন নাহার। গতকাল দুপুরে প্রথম আলোর কাছে তিনি বলেন, তিনি এবং তাঁর পরিবার ওই জায়গার প্রকৃত মালিক। এর দলিল-দস্তাবেজও তাঁদের আছে।