স্কুলের জায়গায় বহুতল ভবন তৈরির প্রতিবাদ
দুই বছর আগেও সেগুনবাগিচার সুবিধাবঞ্চিত শিশুরা লাল জামা গায়ে দিয়ে ইউসেপ স্কুলে যেত। হঠাৎ করেই শুরু হয় বহুতল ভবন তৈরির কাজ। বন্ধ হয় শিশুদের স্কুলে যাওয়া। দেড় মাস আগে এলাকাবাসী জানতে পারেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে উচ্চমূল্যে ভবনটি ভাড়া দিয়ে দিয়েছে ইউসেপ।গতকাল শনিবার সেগুনবাগিচা সোসাইটি ইউসেপের এই সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করে। ‘ইউসেপ ভবনে বড়লোকদের কলেজ ক্যাম্পাস করে যানজট ও শব্দদূষণ করা যাবে না’—এমন ব্যানার নিয়ে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ এবং শিশুরা একত্র হয়। ২৩ জুন ইউসেপ ভবন উদ্বোধনের দিন তারা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেয়।এলাকাবাসী জানান, ঢাকা মহানগর পুলিশ এরই মধ্যে জানিয়েছে, কলেজ করায় এখানে যে যানজটের সৃষ্টি হবে, তা নিয়ন্ত্রণ করা ওই এলাকার ট্রাফিক পুলিশের পক্ষে সম্ভব নয়। আর রাজউকের বক্তব্য হলো, এই ভবনটির অনুমোদন নেওয়া হয়েছে আবাসিক ভবন হিসেবে। সঙ্গে কিছু ছোটখাটো দোকান থাকতে পারে। কিন্তু আইন না মেনে কাজ চলছে। আগের ইউসেপ ভবনে কিংস কলেজের বিজ্ঞাপন ঝুলছে।সেগুনবাগিচা সোসাইটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘১১৫ সেগুনবাগিচার এই বাড়িটির একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসময় বাস করেছেন। থেকেছেন তাঁর মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। পরে পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপকে এ জায়গাটি লিজ দেওয়া হয়। কিন্তু হঠাৎ করেই ইউসেপ স্কুল সরিয়ে নিয়ে এটিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।’সেগুনবাগিচা সোসাইটির সভাপতি জব্বার ফারুক বলেন, তাঁরা মনে করেন দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কার্যালয়, শিল্পকলা একাডেমী, মুক্তিযুদ্ধ জাদুঘর ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থাপনার স্বার্থেও এখানে এত লোকসমাগম যৌক্তিক নয়। ক্যামব্রিয়ান কলেজের প্রতিষ্ঠান কিংস কলেজে জনসমাগমের সঙ্গে অসংখ্য গাড়ি যুক্ত হওয়ার আশঙ্কা আছে, নতুন নতুন খাবারের দোকান তৈরির সম্ভাবনাও আছে।