স্কুলের টিন দিয়ে আ.লীগ নেতার ঘর নির্মাণ
বিদ্যালয়ের পুরোনো টিন দিয়ে পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা নিজ বাড়িতে ঘর বানিয়েছেন। এ জন্য তিনি প্রধান শিক্ষক বা পরিচালনা পর্ষদের অন্য কোনো সদস্যের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেননি। নরসিংদীর শিবপুর উপজেলার চক্রদা ইউনিয়নের পুবেরগাঁও গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। পুবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলমগীর হোসেন মৃধা শিবপুর উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহসভাপতি। নিয়ম-বহির্ভূতভাবে তিনি বিদ্যালয়ের ৪২টি টিন নিজ বাড়িতে ব্যবহার করেছেন। বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের সংস্কারকাজের জন্য গত অর্থবছরে ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। দেড় মাস আগে ওই টাকা দিয়ে বিদ্যালয়ে নতুন টিন লাগানো হয়। আর ৪২টি পুরোনো টিন খুলে রাখা হয়। পুরোনো টিনগুলো নিলামে বিক্রির নিয়ম থাকলেও সভাপতি ওই টিন বাড়িতে নিয়ে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগম জানান, সভাপতি টিনের বিনিময়ে বিদ্যালয়ে কিছু আসবাব কিনে দেওয়ার কথা বলে তা নিয়ে যান। তবে এখন পর্যন্ত টিনের বিনিময়ে কিছু পাননি বলে জানান তিনি।অভিযুক্ত শিবপুর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলমগীর হোসেন মৃধা প্রথম আলোকে বলেন, ‘টিন দিয়ে ঘর তুলেছি সত্য। তবে বিনা পয়সায় নেইনি। বিনিময়ে বিদ্যালয়ে আসবাব কিনে দেব।’ নিলামে না তুলে কীভাবে নিলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটাই ভুল করেছি। আর এই ভুলের জন্য এখন আমার মানসম্মান যাওয়ার দশা।’