স্কুলের দেয়ালে আপত্তিকর লেখা ১২ বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় ভবনের দেয়ালে ছাত্রী সম্পর্কে আপত্তিকর কথা লেখাকে কেন্দ্র করে ১২ পরিবারের ২০-২৫টি ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ এতে কমপক্ষে পঁাচজন আহত হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, যাদবপুর গ্রামের হামিদ শেখের ছেলে আল-আমিন সোমবার সন্ধ্যায় পাশের মহিষখোলা গ্রামে পাঁচগ্রাম ওসমান গণি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ভবনের দেয়ালে স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর নামে আপত্তিকর কিছু কথা িলখে রাখে। মঙ্গলবার বিকেলে আল-আমিন তার চার বন্ধুকে নিয়ে স্কুলের সামনে গেলে মহিষখোলা গ্রামের কয়েকজন তরুণ তাদের স্কুলঘরে আটকিয়ে শারীিরক নির্যাতন করেন। পরে মুরব্বিদের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি মীমাংসার জন্য সন্ধ্যায় স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্যা যাদবপুর গ্রামে যান। এ সময় গ্রামের কিছু উচ্ছৃঙ্খল তরুণ তাঁকে মারধর করেন।
এ ঘটনার জের ধরে গতকাল বুধবার সকাল সাতটার দিকে যাদবপুর গ্রামের স্লুইসগেটের পূর্ব পাশে মহিষখোলা, পাটেশ্বরী, সাতবাড়িয়া ও পিরোলীস্থান গ্রামের মানুষ এবং পশ্চিম পাশে যাদবপুর গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গেলে যাদবপুর গ্রামবাসী নিজ নিজ বাড়ির দিকে পিছু হটে। এ সুযোগে ওই চার গ্রামের পাঁচ শতাধিক মানুষ যাদবপুর গ্রামে ঢুকে একের পর এক বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালায়।
পুলিশ সুপার মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।