স্কুলের নামে সরকারি জমি দখল করে বহুতল ভবন
রাজশাহীর বাগমারায় পাঁচ কলেজশিক্ষকের বিরুদ্ধে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। নিজেদের বসবাসের জন্য নির্মাণ করা হলেও ভবনটির সামনে তাঁরা একটি প্রি-ক্যাডেট স্কুলের সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন।সরকারি আরও জমি দখলের জন্য দুই ভূমিহীন পরিবারকে তাঁরা উচ্ছেদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা দাবি করেছেন, তাঁদের কেনা জমিতেই ভবন নির্মাণ করছেন।লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রাণিসম্পদ দপ্তরসংলগ্ন সরকারি জমি দখল করে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পাঁচ শিক্ষক ফরমান হোসেন, মীর ইমরান, শামসুল হক, রফিকুল ইসলাম ও শামসুল আলম মণ্ডল দেড় মাস আগে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। এর আগে ওই স্থানে তাঁরা ছয় শতক ব্যক্তিমালিকানাধীন জমি কেনেন। কেনা জমির সঙ্গে থাকা সরকারি চার শতক জমিও দখল করে নিয়ে ১০ শতক জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাইট প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের নামে তাঁরা জমিটি দখল করেন। এরপর তাঁর পাশে বসবাস করা ভূমিহীন ফাহিমা খাতুন ও স্বপন কর্মকারের পরিবারকে উচ্ছেদের হুমকি দেন। তাঁদের দখলে থাকা নয় শতক জমিটি ছেড়ে দেওয়ার জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে বলে ভূমিহীন পরিবার দুটির সদস্যরা অভিযোগ করেন। শিক্ষকেরা ওই দুই পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়া ছাড়াও নির্মাণাধীন ভবনের পানি তাঁদের বাড়িতে ফেলছেন।অভিযুক্ত শিক্ষকদের একজন ফরমান হোসেন জানান, তাঁরা (দুই ভূমিহীন) যে জমিতে আছেন, তা খাস হলেও হিন্দুদের পূজার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নেতারা জায়গাটি তাঁদের লিখে দিয়েছেন। তবে এ-সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি তিনি। এ জন্য পরিবার দুটিকে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। হুমকি দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।শিক্ষক মীর এমরান, ফরমান আলীসহ অন্যরা সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করে জানান, তাঁরা জমিটি নিজেদের নামে কিনেছেন। সেখানেই ভবন নির্মাণ করা হচ্ছে। তবে নিজেদের নামে জমি কিনে কেন শিক্ষাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন এবং ওই প্রতিষ্ঠান মালিক বলে লিখে রেখেছেন—এ বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি করা যাবে না, তাই নিজেদের নামে করেছেন। তবে উপজেলা সাব-রেজিস্ট্রার আজহারুল হক জানান, প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রিতে কোনো বাধা নেই।ভবানীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টার জানান, এখানে প্রতি শতক জমি পাঁচ লাখ টাকায় বিক্রি হয়। সরকারি চার শতক জমি দখল করে বহুতল ভবন নির্মাণ ও তা উদ্ধারের ব্যাপারে তিনি মাসিক সমন্বয় কমিটির সভায় উত্থাপন করেছেন।বাগমারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিত জানান, জমিটি যে তাঁদের, সেটা প্রথমে জানা ছিল না। জানার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) চিঠি দেওয়া হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান জানান, তাঁদের নিজস্ব সার্ভেয়ার দিয়ে জায়গাটি ঠিক করা হবে। তাঁদের জমি দখল করা হলে ভবন ভেঙে ফেলা হবে।